bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
বৃহস্পতিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪২০; ২৩ মে ২০১৩;
 
আউশ মৌসুমে এবার ৩৫ কোটি টাকার প্রণোদনা: কৃষিমন্ত্রী
আউশ মৌসুমে এবার ৩৫ কোটি টাকার প্রণোদনা: কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ১০ এপ্রিল)- কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, চলতি বছর আউশ মৌসুমে ৩৫ কোটি টাকার প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যার আওতায় কৃষকরা পাবেন বীজ ও সার।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কৃষকদের উৎসাহ যোগাতে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সরকারের এই সিদ্ধান্তের কথা জানান।

 

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, চলতি বছর আউশের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৫ লাখ মেট্রিক টন। গত বছর উৎপাদন ছিল ২৩ লাখ ৩৩ হাজার মেট্রিক টন।

 

এবার ৫৬টি জেলার ৪৮ হাজার ৯৬৬ হেক্টর জমি এ কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে। এই কর্মসূচির উপকারভোগী কৃষকের সংখ্যা হবে প্রায় ৩ লাখ ৫৫ হাজার।

 

গত বছর আউশ প্রণোদনা প্যাকেজে কৃষকদের শুধু সার দেওয়া হয়েছিল জানিয়ে মন্ত্রী বলেন, এবার এ সহায়তায় একজন কৃষক এক বিঘা জমির জন্য নেরিকা ৮ কেজি অথবা উফশি ৫ কেজি জাতের ধানের বীজ, ১৬ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমপিও সার পাবেন।

 

এ কর্মসূচি বাস্তবায়নে এক হাজার ৮৯০ মেট্রিক টন বীজ, ৫ হাজার ৬৮৫ মেট্রিক টন ইউরিয়া, তিন হাজার মেট্রিক টন ডিএপি এবং তিন হাজার ৫৫৩ মেট্রিক টন এমপিও সারের প্রয়োজন হবে বলে কৃষিমন্ত্রী জানান।

 

তিনি আশা প্রকাশ করেন, এ সহায়তা প্যাকেজ বাস্তবায়িত হলে বাড়তি ১ লাখ ২০ হাজার মেট্রিক টন চাল পাওয়া যাবে।

 

এ বছর আউশ মোসুমে ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ লাখ ৫০ হাজার হেক্টর জমিতে, ২০১১ সালে যা ছিল ১১ লাখ ২৮ হাজার হেক্টর। গত বছর সরকার ৩৪ কোটি ৯৩ লাখ টাকার প্রণোদনা দিয়েছিল এ মৌসুমে।

 

কৃষিমন্ত্রী দাবি করেন, গত বছরের প্রণোদোনায় অতিরিক্ত এক লাখ মেট্রিক টন চাল উৎপাদন হয়, এর ফলে প্রায় ৩০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে।

 

কৃষি সচিব মনজুর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

 

বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৫০৩ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.