bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪২০; ১৯ মে ২০১৩;
 
হরতাল বন্ধে আইন পাস করা হোক: এফবিসিসিআই
হরতাল বন্ধে আইন পাস করা হোক: এফবিসিসিআই

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ০৩ মে)- দেশের অর্থনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে আইন করে হরতাল বন্ধ করার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

‘নিখোঁজ’ ইলিয়াস আলীর সন্ধান দাবিতে দুই দফায় বিএনপির পাঁচ দিনের হরতালের পর উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ব্যবসায়ীরা বৃহস্পতিবার এ দাবি জানালেন।

মতিঝিলে এফবিসিসিআই ভবনে বৃহস্পতিবার সংগঠনের পরিচালনা পর্ষদের সভা হয়। এরপর এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ সাংবাদিকদের বলেন, “আমরা চাচ্ছি, সংসদে সবার প্রতিনিধিত্বে চিরতরে হরতাল বন্ধে আইন পাস করা হোক।

“আমরা দেখেছি, বেশিরভাগ মানুষই হরতাল পছন্দ করে না। কিন্তু যেভাবে হরতাল হচ্ছে, লোক মারা যাচ্ছে-এভাবে চলতে পারে না।”

রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ ব্যাহত হচ্ছে উল্লেখ করে আজাদ বলেন, প্রয়োজনে তারা প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সঙ্গে দেখা করে রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তা তুলে ধরবেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, গত চার বছরে দেশের অর্থবাজেট ও রাজস্ব আদায় প্রায় দ্বিগুণ হয়েছে, রপ্তানি প্রবৃদ্ধি গড়ে ২৫ শতাংশের মতো হচ্ছে, জাপান এখানে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে।

“কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা আমাদেরকে রাজনৈতিক অস্থিতিশীলতার কথা বলেছে। তাই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সহিংসতার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে,” যোগ করেন তিনি।

বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১৯১৮ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.