বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ক্যাটারিং সার্ভিস (বিএফসিসি) থেকে খাবার নেওয়ার চুক্তি বাতিল করেছে সাউদিয়া এয়ারলাইন্স। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে এয়ারলাইন্সটি এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১২ জুন থেকে সিদ্ধান্ত কার্যকর করা হবে। এর ফলে বিমানের ফ্লাইট ক্যাটারিং সার্ভিস বছরে ১২ কোটি টাকার ব্যবসা হারাবে। বিমানসূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
এক সময় বিমানের ফ্লাইট ক্যাটারিং থেকে ব্রিটিশ এয়ারওয়েজ, এমিরেটস, ইতিহাদ এয়ারওয়েজ, মালয়েশিয়ান এয়ারলাইন্স, ভুটানের ড্রাগন এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইন্সের মতো খ্যাতনামা সব এয়ারলাইন্স খাবার নিতো। সাউদিয়া এয়ারলাইন্স সর্বশেষ বিদেশি এয়ারলাইন্স যারা বিএফসিসি থেকে খাবার নেওয়া বন্ধ করতে যাচ্ছে।
সূত্র জানায়, বিএফসিসি’র খাবার খেয়ে সাউদিয়া এয়ারলাইন্সের একাধিক যাত্রী এর মান নিয়ে অভিযোগ করার পর বিষয়টি আলোচনায় আসে। এরই পরিপ্রেক্ষিতে গত মার্চ মাসে বিমানের ফ্লাইট ক্যাটারিং বিভাগ পরিদর্শন করে সাউদিয়ার একটি বিশেষ টিম।
পরিদর্শনে অভিযোগের সত্যতা পেয়েই সাউদিয়া এই সিদ্ধান্ত নেয় বলে জানায় সূত্রটি।
তবে এরই মধ্যে তৎপর হয়ে উঠেছে বিমান কর্তৃপক্ষ। সাউদিয়ার কাছে এ নিয়ে তদবির চলছে যাতে তারা সিদ্ধান্ত পরিবর্তন করে। তবে রোববার পর্যন্ত সাউদিয়া এই সিদ্ধান্ত বাতিল করেনি।
বিমান সূত্রে জানা গেছে, সাউদিয়া এয়ারলাইন্সের পক্ষ থেকে বিএফসিসি’র মহাব্যবস্থাপক ফিরোজ খানের কাছে এক ই-মেইল বার্তায় জানানো হয়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির কারণে সাউদিয়া বিএফসিসি’র সঙ্গে চুক্তি বাতিল করলো। তাই আগামী ১২ জুন থেকে তারা বিএফসিসি থেকে আর কোনো খাবার নেবে না। গত ১১ এপ্রিল এই ই-মেইল বার্তা পাঠায় সাউদিয়া।
ই-মেইল বার্তায় আরো বলা হয়, সাউদিয়া তাদের নিজস্ব ক্যাটারিং সার্ভিস থেকে ফিরতি খাবার নিয়ে আসবে যাতে করে আর বিএফসিসি থেকে খাবার নিতে না হয়।
সূত্র জানায়, সাউদিয়া বিএফসিসি’র কিচেন পরিদর্শন শেষে এর অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে ৪১টি অভিযোগ জানিয়েছে বিমানের কাছে। এর প্রতিটিতেই পরিবেশ আইনের লঙ্ঘন হয়েছে। সেই সঙ্গে তারা পরিবেশ উন্নত করতে কি করা প্রয়োজন সেই পরামর্শও দিয়েছে।
সাউদিয়ার প্রতিবেদনে বলা হয়, বিএফসিসি’র কিচেনে ইঁদুর, তেলাপোকা, মশার উৎপাত, মাংস প্রক্রিয়াকরণ ইউনিট নোংরা, শাক-সবজি ময়লা ফ্লোরে ফেলে রাখা, অধিকাংশ কর্মীর গ্লাভস ব্যবহার না করা, ক্যাটারিং সার্ভিসের দেওয়াল ও ফ্লোরের ভাঙা টাইলস, কিচেনের বাজে গন্ধ দূর করতে এয়ার ফ্রেশনার ব্যবহার করাসহ ৪১টি অভিযোগসহকারে ই-মেইল বার্তা দেয়।
এর পরিপ্রেক্ষিতে বিএফসিসি’র মহাব্যবস্থাপক ফিরোজ খান সাউদিয়া এয়ারলাইন্সের ইয়াসির বি. জাদের কাছে পাল্টা ই-মেইল বার্তা পাঠান গত ১৩ এপ্রিল। ওই বার্তায় তিনি বলেন, ``সাউদিয়ার এই চুক্তি বাতিল আমাদের জন্য খুবই হতাশার। বিএফসিসি পরিদর্শন শেষে আপনি যেসব ত্রুটি পেয়েছেন তা অতি সত্বর দূর করার আশ্বাস দিচ্ছি। এজন্য আমাদের পক্ষ থেকে ‘কারেকটিভ অ্যাকশন প্ল্যান’ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।``
বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৬৩৪ S.
Add Your Comment
- মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু: এনসিসি ব্যাংক
- রাজবাড়ীতে বসুন্ধরা সিমেন্ট নির্মাণ কর্মশালা
- হরতালে একদিনের ক্ষতি ১৬শ’ কোটি টাকা: ডিসিসিআই
- নতুন বীমার লাইসেন্স ৭৬টি কোম্পানির আবেদনপত্র জমা
- গ্যাস সংযোগ নিয়ে রশি টানাটানি মন্ত্রণালয়-পেট্রোবাংলা
- সরকারের শেষ বাজেট অধিবেশন শুরু ৩ জুন
- ঘোষণা আছে তবু খুলছে না দোকান মার্কেট
- ২ টাকার নতুন নোট আসছে
- বৈদেশিক লেনদেন করতে শনিবার ব্যাংক খোলা
- দুই নেত্রীকে আলোচনায় বসানোর উদ্যোগ ব্যবসায়ীদের



