bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪২০; ১৮ মে ২০১৩;
 
ভোলায় দুপক্ষের সংঘর্ষে যুবদলের সম্মেলন পণ্ড, আহত ২০
ভোলায় দুপক্ষের সংঘর্ষে যুবদলের সম্মেলন পণ্ড, আহত ২০

জেলা সংবাদদাতা: (ভোলা, ১৮ জুলাই)- ভোলার বোরহানউদ্দিনে দুপক্ষের সংঘর্ষে যুবদলের সম্মেলন পণ্ড হয়ে গেছে। ওই সময়ে যুবদল নেতাসহ কমপক্ষে ২০ জন আহত হয়।

 

বুধবার সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে যুবদলের এই কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

 

আহতদের মধ্যে কয়েকজনকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

 

এদিকে, বড় ধরনের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। যুবদল কর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলে একপর্যায়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মিছিল করতে দেখা যায়।

 

প্রত্যক্ষদর্শী ও যুবদল সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে যুবদলের কাউন্সিলের নির্ধারিত সময় ছিল। সম্মেলনকে কেন্দ্র করে প্রার্থীরা দু’গ্রুপে বিভক্ত হয়ে যায়।

 

কাউন্সিল পণ্ড করার জন্য যুবদলের যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবির পালোয়ানের নেতৃত্বে একটি পক্ষ রাত থেকে দলীয় কার্যালয় তালা মেরে রাখে। সকালে ভোটাররা দলীয় কার্যালয়ে প্রবেশে চেষ্টা করলে এসআই অলিউল্লার নেতৃত্বে পুলিশের একটি দল তাদের ঢুকতে বাধা দেয়।

 

পরে উপজেলা থেকে কবির, ফাইজুল ও ফকরুলের নেতৃত্বে সাবেক এমপি হাফিজ ইব্রাহিম বিরোধী স্লোগানসহ একটি মিছিল কাউন্সিলরদের অবরুদ্ধ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ছবি তুলতে গেলে সংবাদকর্মীদের ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়। পরে মিছিলটি বাজারমুখি হলে পুলিশি বাধার সম্মুখীন হয়।

 

অন্যদিকে, নাছিম-সিহাবের নেতৃত্বে একটি মিছিল হাফিজ ইব্রাহিমের সমর্থনের স্লোগানসহ দলীয় কার্যালয়ের দিকে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়ে।  এক পর্যায়ে উভয়পক্ষ পরস্পরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।

 

এসময় যুবদলের যুগ্ম-আহবায়ক সিহাব হাওলাদার, যুবদল নেতা কবির হোসেন ও ফকরুল ইসলামসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

 

এরপর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আবুল বাশার আকাশের নেতৃত্বে আওয়ামী লীগ কর্মীদের হাফিজ বিরোধী মিছিল করতে দেখা যায়।

 

এ ব্যাপারে যুবদলের যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির পালোয়ান জানান- হাফিজ ইব্রাহিম তার আত্মীয় স্বজনদের কমিটিতে বসানের জন্য ইউনিয়ন পর্যায়ে যুবদলের পকেট কমিটি গঠন করেছেন। ওই কমিটি দ্বারা সম্মেলন হলে তা প্রহসনে পরিণত হবে।

 

এজন্য তিনি সম্মেলন বর্জনসহ এতে বাধা দিয়েছেন। সম্মেলনের ব্যাপারে তাকে অবহিত করা হয়নি বলেও তিনি হুমায়ুন দাবি করেন।

 

এ ব্যাপারে যুবদলের আহ্বায়ক শহিদুল আলম নাছিম ও যুগ্ম-আহ্বায়ক সিহাব উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

 

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, পুলিশের শান্তিপূর্ন অবস্থানের কারণে বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে।

 

বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৮২৬ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.