bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
বৃহস্পতিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪২০; ২৩ মে ২০১৩;
 
ডাকসু নির্বাচনের দাবিতে ধর্মঘটের ডাক
ডাকসু নির্বাচনের দাবিতে ধর্মঘটের ডাক

ঢাবি সংবাদদাতা: (ঢাকা, ১৫ জুলাই)- কর্তৃপক্ষকে বেঁধে দেওয়া সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা না হওয়ায় ১৯ জুলাই বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।


রোববার দুপুর ১২টার দিকে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী উপাচার্যের কার্যালয়ে তালা দেওয়ার পর এ ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চ।

শিক্ষার্থী অধিকার মঞ্চের মুখপাত্র নূরে আলম দুর্জয় সাংবাদিকদের বলেন, “আমাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা না করায় ১৯ জুলাই বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডাকা হয়েছে।”

“এরপরও তারিখ ঘোষণা না করলে আমার বৃহত্তর আন্দোলনে যাব,” হুঁশিয়ারি দেন তিনি।

ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণার জন্য প্রশাসনকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল এই সংগঠনটি। তার মধ্যে কোনো ঘোষণা না আসায় দুপুর ১২টায় তারা উপাচার্য ও উপউপাচার্যের কক্ষে তালা ঝুলিয়ে দেয়।

তবে এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য কেউই কার্যালয়ে ছিলেন না।

তালা ঝোলানোর আগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীদের এ সংগঠনটি। ডাকসু নির্বাচনের দাবিতে নির্দলীয় এই সংগঠনের ব্যানারে ধারাবাহিক কর্মসূচি চলে আসছে। এনিয়ে আদালতেও গিয়েছে তারা।

১৯৯০ সালে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়। এরপরে বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে ডাকসু নির্বাচনের আশ্বাস দেওয়া হলেও তা হয়নি।

বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৬৫৫ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.