bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪২০; ২২ মে ২০১৩;
 
জাবির সংঘর্ষের ঘটনার তদন্ত শুরু
জাবির সংঘর্ষের ঘটনার তদন্ত শুরু

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা: (ঢাকা, ০৪ জুলাই)- সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সংঘর্ষের ঘটনা খতিয়ে দেখতে আজ শনিবার থেকে কাজ শুরু করছে এ সংক্রান্ত গঠিত ছয় সদস্যের তদন্ত কমিটি।

 

কর্তৃপক্ষের বেধে দেওয়া ২১ কার্যদিবসের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তদন্ত কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. ফরহাদ হোসেন।

 

এদিকে, বুধবার রাত ও বৃহস্পতিবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষে সাভার ও আশুলিয়ায় থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।

 

অন্যদিকে, কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা হল ত্যাগ করায় ফাঁকা হয়ে গেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আগামী ২৫ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

 

উল্লেখ্য, গত বুধবার রাতে ছাত্রলীগ নেতা তাহমিদুল ইসলাম লিখনকে কুপিয়ে আহত করেন দুর্বৃত্তরা। পরে মধ্যরাতে লিখনকে আহত করার অভিযোগে মীর মোশারফ হলের ৩৯তম ব্যাচের সন্দেহভাজন ছাত্র নাহিদকে আটক করতে গেলে পুলিশের সাথে ওই হলের ছাত্রদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষ হয়। এতে পাঁচ ছাত্র গুলিবিদ্ধ ও কমপক্ষে আরো ৩০ জন আহত হয়।

 

এ ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে জাবি ক্যাম্পাস। সব ছাত্র হল থেকে বের হয়ে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ ছাত্ররা পুলিশ ভ্যানসহ ঢাকা-আরিচা মহাসড়কের প্রায় ২৫টি যানবাহন ভাঙচুর করে। রাস্তায় অবস্থান নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় তারা।

 

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার দুপুরে সিন্ডিকেট সদস্যদের বৈঠকে আগামী ২৫ আগস্ট পর্যন্ত জাবি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১২৪৬ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.