bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪২০; ২২ মে ২০১৩;
 
লিবিয়ায় রেড ক্রিসেন্টের ৭ ইরানি কর্মকর্তাকে অপহরণ
লিবিয়ায় রেড ক্রিসেন্টের ৭ ইরানি কর্মকর্তাকে অপহরণ

ইন্টারন্যাশনাল ডেস্ক: (বেনগাজি, ০১ আগস্ট)- লিবিয়ার বেনগাজিতে মঙ্গলবার অজ্ঞাত এক সশস্ত্র দল সাত ইরানি ত্রাণ কর্মকর্তাকে অপহরণ করেছে। লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির পতনে বিদ্রোহ শুরু হওয়ার পর বিদেশিদের বিরুদ্ধে এটিই সবচেয়ে বড় ঘটনা। খবর ডন অনলাইন।

 

নিরাপত্তারক্ষীরা রয়টার্সকে জানিয়েছে, ইরানিয়ান রেড ক্রিসেন্টের ওই সাত কর্মকর্তা গাড়িতে করে তাদের হোটেলে ফিরছিলেন। পথিমধ্যে গাড়ি থেকে সন্ত্রাসীরা তাদের অপহরণ করে।

 

নিরাপত্তারক্ষীরা আরো বলেছেন, অপহরণকারীদের পরিচয় বের করতে তদন্ত কাজ শুরু হয়েছে।

 

লিবিয়ান রেড ক্রিসেন্ট অ্যাসোসিয়েশন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তারা বলেছেন, সাত ইরানি ত্রাণ কর্মকর্তা সোমবার বেনগাজিতে আসেন। তারা শহরে ত্রাণ কাজে সহায়তা করতে চেয়েছিলেন।

 

গাদ্দাফিবিরোধী আন্দোলন শুরুর তারিখ উল্লেখ করে সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, "ফেব্রুয়ারির ১৭ তারিখে বিদ্রোহের পর ত্রাণ সহায়তা এবং সকল কাজে ইরানি রেডক্রিসেন্ট অ্যাসোসিয়েশন আমাদের পাশে ছিল। কৃতজ্ঞতাস্বরূপ আমরা অপহৃতদের মুক্তি দিতে অপহরণকারীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।"

 

বিবৃতিতে সংস্থাটি আরো জানিয়েছে, সাত ত্রাণ কর্মকর্তা লিবিয়ান রেড ক্রিসেন্ট অফিস থেকে গাড়িতে করে তাদের হোটেলের উদ্দেশে রওনা হন। হোটেলে প্রবেশের আগ মুহূর্তে তাদের অপহরণ করা হয়। কিন্তু লিবিয়ান স্বেচ্ছাসেবক ও গাড়ির চালককে অপহরণ করা হয়নি।

 

উল্লেখ্য, গত মাসে ত্রিপোলিতে লিবিয়ান অলিম্পিক কমিটির প্রেসিডেন্টকে তার গাড়ি থেকে একদল সশস্ত্র যুবক অপহরণ করে। তবে এক সপ্তাহ পর প্রেসিডেন্টকে মুক্তি দেয়া। সম্প্রতি লিবিয়াতে অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।

 

বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৫১৫ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.