ইন্টারন্যাশনাল ডেস্ক: (ঢাকা, ৩০ আগস্ট)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লীতে ২৭ ও ২৮ আগস্ট যৌথ নদী কমিশনের (জেআরসি) টিপাইমুখ বাঁধ সংক্রান্ত বিশেষজ্ঞ গ্রুপের প্রথম বৈঠকের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন।
ইরানের রাজধানী তেহরানে ১৬তম ন্যাম শীর্ষ সম্মেলনের প্রাক্কালে বুধবার ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সাথে বৈঠকে তিনি বলেন, এটি একটি শুভ সূচনা।
তেহরানের গ্র্যান্ড আজাদী হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন।
বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের সাথে বহু প্রতীক্ষিত তিস্তা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরের ব্যাপারে শেখ হাসিনাকে আশ্বস্ত করেন।
ড. সিং শেখ হাসিনাকে বলেন, ভারতের মন্ত্রিসভা বাংলাদেশের সাথে বহু প্রতীক্ষিত স্থল সীমান্ত চুক্তি অনুমোদন করেছে এবং তা পাস করার জন্য এখন পার্লামেন্টে পাঠানো হবে। মন্ত্রিসভা এ চুক্তি অনুমোদন করায় শেখ হাসিনা ভারত সরকারকে ধন্যবাদ জানান।
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ত্রিপুরা ও মিজোরামসহ বিভিন্ন এলাকায় আরও চারটি সীমান্ত হাট খোলার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ প্রকল্প থেকে অতিরিক্ত ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানির প্রক্রিয়াও চলছে।
শেখ হাসিনা বাংলাদেশকে প্রতিশ্রুত একশ’ কোটি মার্কিন ডলার ঋণের সুদ হ্রাস এবং ২০ কোটি ডলারকে অনুদানে রূপান্তরিত করার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান।
ভারতের বাজারে বাংলাদেশে তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকারের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারত সরকারের এ সময়োচিত পদক্ষেপের ফলে বাংলাদেশের তৈরি পোশাক খাত ব্যাপক গতি পেয়েছে।
ড. সিং সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। উভয় প্রধানমন্ত্রী দুই প্রতিবেশী দেশের অর্থনৈতিক উন্নয়নে এক সাথে কাজ করতে সম্মত হন। তারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ন্যাম সদস্যভুক্ত সকল দেশের এক সাথে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন।
শেখ হাসিনা আগামী মাসে বাংলাদেশ, ভারত ও ভুটানের মধ্যে জলবিদ্যুৎ খাতে সহযোগিতার বিষয়ে অনুষ্ঠেয় বৈঠক সফল হবে বলে আশা প্রকাশ করেন।
তিনি বলেন, আগামী অক্টোবরে এ ধরনের আরেকটি বৈঠক নেপাল ও ভারতের সাথে হবে বলে আমরা আশাবাদি। তিনি এ অঞ্চলের বৃহত্তর স্বার্থে আঞ্চলিক যোগাযোগ জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
এসময় পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১০৪৭ ঘ.
Add Your Comment
- ভারতে স্ত্রীর মৃত্যু ওয়েবক্যামে দেখলেন স্বামী
- যুক্তরাষ্ট্রে গোয়েন্দা হেফাজতে বস্টন হামলার সন্দেহভাজনের মৃত্যু
- পাকিস্তানে বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য নিহত
- লন্ডনে সন্দেহভাজন সন্ত্রাসী হামলায় ১জন নিহত
- প্রেসিডেন্ট সঙ্গে নওয়াজ শরীফের একান্ত বৈঠক
- ইরাকে সিরিজ বোমা হামলায় অন্তত ২০ জন নিহত
- হাসপাতাল ছাড়লেন ইমরান খান
- ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে রাফসানজানিকে অযোগ্য ঘোষণা
- যৌন কেলেংকারির জেরে পদ ছাড়লেন সিইও!
- হিরোশিমা বোমার চেয়েও ৬০০ গুণ শক্তিশালী ওকলাহোমা টর্নেডো



