র্স্টাফ রিপোর্টার: (ঢাকা, ০৭ মে)- আদালতের নির্দেশে গুলশানের বিনোদন কেন্দ্র ওয়ান্ডারল্যান্ড ভেঙে ফেলতে শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক।
সোমবার দুপুরে পুলিশ পাহারায় রাজউকের মেজিস্ট্রেট রোকন-উদ-দৌল্লার নেতৃত্বে পার্কের মূল ফটক ভাঙার কাজ শুরু করে শ্রমিকরা।
রাজউকের আরেক মেজিস্ট্রেট মারুফ হাসান বলেন, “এটা রাজউকের জায়গা। সবার জন্য উন্মুক্ত শিশু পার্ক করার জন্য ঢাকা সিটি কর্পোরেশনকে বরাদ্দ দিয়েছিলো। কিন্তু এই নিয়ম না মেনে সিটি কর্পোরেশন বেসরকারিভাবে লিজ দেয়।”
বিষযটি নজরে আসলে রাজউক আইনগত ব্যবস্থা গ্রহণ করে জানিয়ে মারুফ জানান, পরবর্তীতে বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায়। হাইকোর্ট লিজ গ্রহীতাকে একটি নিদিষ্ট সময়ের মধ্যে অন্য একটি জায়গা রাজউককে দেওয়ার নির্দেশ দেয়। রাজউক সেই জায়গা দিতে না পারলেও পার্কটি উচ্ছেদ করার আদেশ বহাল থাকে।
“এ পরিপ্রেক্ষিতে এই উচ্ছেদ অভিযান চলছে”, বলেন তিনি।
অবশ্য ওয়ান্ডারল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক এম মুস্তাফিজুর রহমান দাবি করেছেন, এই অভিযান শুরুর আগে তাদের নিয়ম অনুযায়ী নোটিস দেওয়া হয়নি।
“আদালত বলেছে, পার্ক স্থানান্তরের জন্য বিকল্প জায়গা দিতে। তারা সেটাও না দিয়ে অন্যায়ভাবে উচ্ছেদ শুরু করেছে”, বলেন তিনি।
মেজিস্ট্রেট রোকন-উদ-দৌল্লা জানান, উচ্ছেদ অভিযান শুরুর পর পার্ক কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ মালামাল সরিয়ে নেওয়ার জন্য তিন দিনের সময় দেওয়া হয়েছে। তবে তারা ৯০ দিনের সময় চেয়ে রাজউক চেয়ারম্যান বরাবর একটি আবেদন করেছেন।
তাদের এই আবেদন সময় গ্রহণ করা হবে কি না তা রাজউক কর্তৃপক্ষ ঠিক করবে বলে রোকন-উদ-দৌল্লা জানান।
গুলশান সেন্ট্রাল পার্কের কিছু অংশ ঢাকা সিটি করপোরেশনের কাছ থেকে ইজারা নিয়ে ১৯৯০ সালে ওয়ান্ডারল্যান্ড চিলড্রেন পার্ক নির্মাণের কাজ শুরু করে মেসার্স ভায়া মিডিয়া নামের একটি প্রতিষ্ঠান।
কিন্তু আবাসিক এলাকায় বাণিজ্যিকভাবে পার্ক নির্মাণের বৈধতা চ্যালেঞ্জ করে এম এ রেজা নামে গুলশানের এক বাসিন্দা ১৯৯৫ সালে হাইকোর্টে রিট আবেদন করেন।
শুনানি শেষে রাজউকের মহা পরিকল্পনায় বাণিজ্যিক পার্কের বিষয়টি না থাকায় ওই ইজারা অবৈধ ঘোষণা করে ওয়ান্ডারল্যান্ডের বরাদ্দ বাতিল করে দেয় হাইকোর্ট। একইসঙ্গে ছয় মাসের মধ্যে পার্কের যাবতীয় স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।
এরপর দীর্ঘদিন বিষয়টি ঝুলে থাকার পর সোমবার দুপুরে রোকন-উদ-দৌল্লার নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু করে রাজউক। এ জন্য সকাল থেকেই সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
রাজউকের তিনটি বুলডেজার এই উচ্ছেদ অভিযানে অংশ নিচ্ছে। ঢাকা সিটি কর্পোরেশনের কর্মীরা মাথায় লাল ফিতা বেঁধে পার্কের দেওয়াল ও অন্যান্য স্থাপনা ভাঙার কাজ করছেন।
বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৬২৪ ঘ.
Add Your Comment
- সম্পাদক পরিষদ: সভাপতি গোলাম সারওয়ার সম্পাদক মাহফুজ আনাম
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বৈঠক কাল
- বালীর জীবন রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন সাঈদী
- প্রেসক্লাবে অবস্থান কর্মসূচিতে সাংবাদিকরা
- আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ
- ‘নজরুলের লেখা আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণা’
- পদ্মায় দুর্নীতি : দুদকের কানাডা সফর দীর্ঘায়িত হচ্ছে
- আজ জাতীয় কবি কাজী নজরুলের জন্মজয়ন্তী
- আসিফ নজরুলকে প্রাণনাশের হুমকি
- ১১ জুন কেন্দ্রীয় পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন কওমি মাদ্রাসা শিক্ষক সমিতি



