bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪২০; ১৮ মে ২০১৩;
 
জোট নেতাদের কারাগারে পাঠানোর নির্দেশ
জোট নেতাদের কারাগারে পাঠানোর নির্দেশ

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ১৬ মে)- হরতালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর ঘটনায় দায়ের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ ১৮ দলীয় জোটের ৩৪ জন নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।


বুধবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে মহানগর দ্রুত বিচার হাকিম মো. এরফান উল্লাহর আদালত এ আদেশ দেন।

এরআগে হাইকোর্টের আদেশ অনুসারে সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। দুপুর ১২টায় এ বিষয়ে শুনানি হয়।

১৮ দলীয় জোট নেতাদের আগমন ঘিরে পুরোনো ঢাকার আদালত পাড়ায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়।

কেন্দ্রীয় নেতাদের আত্মসমর্পণের দিন থাকায় দলীয় নেতা-কর্মী ও আইনজীবীরা সকাল থেকে আদালত এলাকায় অবস্থান নিতে থাকলে অর্ধশতাধিক নেতা-কর্মী-সমর্থককে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

পরে ১৮ দলীয় জোট নেতাদের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বলেন, বুধবার সকালে ৩৪ জনের পক্ষে জামিনের আবেদন জমা দেওয়া হয়। দুপুরে মহানগর দ্রুত বিচার হাকিম মো. এরফান উল্লাহ শুনানি শেষে ১৮ দলীয় জোটের নেতাদের কারাগারে পাঠনোর আদেশ দেন।

গত ৭ মে হাইকোর্টে সশরীরে ১৮ দলের নেতারা জামিন আবেদন করলে আদালত দ্বিধাবিভক্ত আদেশ দেয়। তবে তাদের পুলিশী হয়রানি না করতে বলায় নেতারা জামিন আবেদনের জন্য এক সপ্তাহ সময় পান। সে সময় অনুযায়ী আজ বুধবার ১৮ দলের নেতারা জামিন আবেদন করছেন।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল হরতালে সচিবালয়ে হাতবোমা বিস্ফোরণ এবং তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়িতে আগুন ও ভাঙচুরের মামলায় রাজধানীর শাহবাগ ও তেজগাঁও থানায় দুটি মামলা দায়ের করে পুলিশ।

এতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৪০ জন নেতাকে আসামি করা হয়। ইতিমধ্যে এই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির আহমেদ রিজভীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

আর আরেক যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আত্মসমর্পণের পর সাত কার্য দিবসের জামিনে রয়েছেন।

গত ১৪ মে হরতালে সচিবালয়ে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় দায়ের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ ১৮ দলের নেতাদের আগাম জামিন দিয়েছেন।

প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল মধ্যরাতে বনানী থেকে গাড়ির চালকসহ নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী। এ ঘটনার প্রতিবাদে দুদফায় পাঁচ দিনের হরতাল কর্মসূচি পালনকালে গত রোববার এসব হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

 

বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৪১১ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.