bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪২০; ২১ মে ২০১৩;
 
হরতালে রাজপথ ছিল পুলিশের দখলে
হরতালে রাজপথ ছিল পুলিশের দখলে

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ১৭ মে)- বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা দেশব্যাপী বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালে রাজপথ ছিল পুলিশের দখলে।

হরতালে গাড়ি পোড়ানোর মামলায় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে সারাদেশে এ হরতাল ডাকে ১৮ দলীয় জোট। এছাড়াও সমমনা রাজনৈতিক দলগুলো এ হরতালে সমর্থন দিয়েছে।

সকালে রাজধানীর কিছু জায়গায় হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের হলেও রাজপথ মূলত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দখলেই রয়েছে। অন্যান্য হরতালের মতোই পুলিশ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটক অবরুদ্ধ করে রেখেছে। কার্যালয়ের আশপাশ এলাকাতেও রয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব।

রাজধানীর সড়কগুলোতে মাঝে মধ্যে দুই-একটি যান চলাচল করতে দেখা গেছে।

এদিকে হরতালের ভোরে দলীয় কার্যালয়ে আসার ঝামেলা এড়াতে রাতেই সেখানে রাত্রীযাপন করেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতা।

এদের মধ্যে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান, মিজানুর রহমান মিনু, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, কেন্দ্রীয় বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান বাবু, আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারি বাবু প্রমুখ।

এদিকে হরতালকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে ঢাকা শহরে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীর নিরাপত্তায় দায়িত্ব রয়েছে র‌্যাব এবং পুলিশের ২৭ হাজার সদস্য। সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে।

তাছাড়া শহরের বিভিন্ন রাস্তায় পুলিশ এবং র‌্যাব দলকে টহল দিতে দেখা গেছে। হরতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে কোথাও কোথাও পুলিশের আধুনিক সরঞ্জাম জলকামান ও রায়টকার লক্ষ্য করা যায়।

 

বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_০৯২০ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.