bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪২০; ২১ মে ২০১৩;
 
ডেসটিনির পরিচালকদের জিজ্ঞাসাবাদ করবে দুদক
ডেসটিনির পরিচালকদের জিজ্ঞাসাবাদ করবে দুদক

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ২৩ মে)- ডেসটিনি গ্রুপের প্রধান রফিকুল আমিনসহ অন্য সব পরিচালককে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ডেসটিনি ও এর অঙ্গ প্রতিষ্ঠানের প্রায় ১০০ কোটি টাকা প্রতিষ্ঠানটির সভাপতি-চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ১২ পরিচালকের নামে স্থানান্তরের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অপরাধ করায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।


বুধবার দুদকের চেয়ারম্যান গোলাম রহমান সাংবাদিকদের বলেন, প্রাথমিক তদন্ত প্রতিবেদনে যেসব তথ্য এসেছে, সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে বক্তব্য নিতেই জিজ্ঞাসাবাদ করা হবে। এটা হবে তাঁদের জন্য আত্মপক্ষ সমর্থনের সুযোগ।


দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ডেসটিনির সভাপতি হারুন-অর-রশীদকেও জিজ্ঞাসাবাদ করা হবে। তবে তাঁকে দুদকে সরাসরি তলব করা হবে না। তাঁর কাছে বিধিমতো নোটিশ যাবে। তিনি যখন যেখানে, যে সময় দেবেন, সেখানেই তাঁকে তদন্তকারী কর্মকর্তা গিয়ে জিজ্ঞাসাবাদ করবেন।


তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ডেসটিনি ২০০০ লিমিটেডের এমএলএম (বহু ধাপ বিপণন প্রতিষ্ঠান) পদ্ধতিতে গ্রাহকদের কাছ থেকে ২০০০ সাল থেকে এ পর্যন্ত ৬৬টি ব্যাংক হিসাবের মাধ্যমে তিন হাজার ৫৯৫ কোটি ৬৬ লাখ টাকা সংগ্রহ করেছে এবং বিভিন্নভাবে তিন হাজার ৫৮৮ কোটি ৮৭ লাখ টাকা তুলে নিয়েছে। এ ছাড়া ডেসটিনি বৃক্ষরোপণের (ট্রি প্লানটেশনের) নামে ১৩৩টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৯২১ কোটি তিন লাখ টাকা সংগ্রহ করে এবং বিভিন্নভাবে ৯০০ কোটি টাকা নিজেরাই তুলে নিয়েছে।

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নামে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনগণের কাছ থেকে ৮৩টি ব্যাংক হিসাবের মাধ্যমে এক হাজার ৪৪৫ কোটি ১৩ লাখ টাকা সংগ্রহ করে বিভিন্ন উপায়ে এক হাজার ৪১৯ কোটি ৫৭ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। এভাবে সর্বমোট পাঁচ হাজার ৯৬১ কোটি ৮২ লাখ টাকা সংগ্রহ করে তাঁর মধ্যে থেকে প্রায় পাঁচ হাজার ৮৯৯ কোটি টাকা সরিয়ে নিয়েছেন ডেসটিনি গ্রুপের পরিচালকেরা।


দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত সেলের পরিচালক স্কোয়াড্রন লিডার মো. তাহিদুল ইসলামের বিশেষ তত্ত্বাবধানে উপপরিচালক মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মোহাম্মদ তৌফিক ডেসটিনির অর্থপাচারসহ প্রতারণার বিষয়ে তদন্ত করছেন।

 

বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_২১৩১ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.