স্টাফ রিপোর্টার: (ঢাকা, ১৫ জুন)- আজ পয়লা আষাঢ়। বর্ষার ঋতুর প্রথম দিন। গ্রীষ্মের খরতাপে এখনো প্রকৃতি খা খা করছে। বর্ষার মুষলধারার বৃষ্টিতে ভেজার জন্য তৃষিত অপেক্ষাতুর প্রকৃতি উন্মুখ হয়ে আছে। বৃষ্টির দেখা মিলছে না। তবে ইতিমধ্যে ফুটে গেছে কদম ফুল।
এবার বর্ষার আগমন কিছুটা বিলম্বিত হচ্ছে। সবার চোখ আকাশের দিকে-মেঘের সঞ্চার যা আছে, তা অত্যন্ত সামান্য। তীব্র দাবদাহে পোড়া গরমে মানুষ, প্রকৃতি ধুঁকছে।
সুদূর প্রাচীনকাল থেকেই বাংলা সাহিত্য, সংস্কৃতি এবং শিল্পকলার অঙ্গন আষাঢ়-বন্দনায় নিবেদিত, উচ্ছ্বসিত।
কবির কবিতায়, শিল্পীর সুরে-গানে, চারুশিল্পীর তুলির আঁচড়ে, চলচ্চিত্রের সেলুলয়েডে, নকশিকাঁথার ফোঁড়ে ফোঁড়ে সাংস্কৃতিক ঐতিহ্যের সমৃদ্ধ ভাণ্ডারে বর্ষার অপরূপা রূপবর্ণনা, স্থিতি ও ব্যাপ্তি মূর্ত চিরকালীন হয়ে আছে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত ও কবিতার ভাষায়/ নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহি রে।/ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে।/বাদলের ধারা ঝরে ঝরো ঝরো, আউশের ক্ষেত জলে ভরো-ভরো,/কালিমাখা মেঘে ওপারে আঁধার ঘনিয়েছে দেখ চাহি রে,...
শুধু রবীন্দ্রনাথই নন, বাংলা সাহিত্যের খ্যাত-অখ্যাত বহু কবিই বর্ষার রূপ-ঐশ্বর্যে মোহিত মুগ্ধ, বর্ষা আবাহনে উচ্ছ্বসিত এবং মুখর। মৌসুমি বায়ুপ্রবাহের কারণে টানা দু’মাস ধরে থেকে থেকে বৃষ্টিপাত, প্রকৃতি অন্যরকম এক আদলে আমাদের সামনে উপস্থাপিত হয়।
বাংলাদেশের আবহাওয়াবিদরা বর্ষাকে অভিহিত করেন ‘সেকেন্ড সামার’ হিসেবে। অর্থাৎ গরম থেকে জনজীবনের রেহাই নেই। বৃষ্টি হলেও ভ্যাপসা গরমের অস্বস্তি মানুষকে ঠিকই ভোগায়। নগরজীবনে তীব্র লোডশেডিংয়ে স্বাভাবিক জীবনযাত্রার গতি ও ছন্দ দারুণভাবে বিপর্যস্ত, গ্রামাঞ্চলেও গরমের দাপটে মানুষজন অস্থির, অসহায়।
বর্ষা ফুল ফোটায়। অতিবর্ষা বন্যার কারণ হয়। মাছ, শাকসবজির বড্ড আকাল থাকে। ব্যাপক বর্ষণ শহরে জলাবদ্ধতার যন্ত্রণা বাড়ায়। গ্রামে-গঞ্জে মানুষের স্বাভাবিক যাতায়াত বিঘ্নিত হয়। বহু মানুষের হাতে তেমন কোনো কাজকর্ম থাকে না। টানা বৃষ্টি ঘরে বন্দি এবং নিরুপায় করে রাখে মানুষকে। অতিবর্ষণের ফলে কিছু ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়ানোর ধান্ধায় থাকে। এতকিছু সত্ত্বেও বর্ষার আবেদন ফুরোয় না, ম্লান হয় না তার সৌন্দর্য ও বিভা।
বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_২১২৯ ঘ.
Add Your Comment
- এখনও নীরবে-নিভৃতে ফেলছেন চোখের জল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তবর্তী গ্রামবাসীর মনে বিএসএফ আতঙ্ক
- রাতভর বৃষ্টি হওয়ায় ফের রাজধানীতে জলাবদ্ধতা
- ৩৪তম প্রিলিমিনারি আজ, প্রশ্ন ফাঁসের গুজব
- রাতে হস্তান্তর হচ্ছে ‘বিএনএস সমুদ্র জয়’
- হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলো বিজিএমইএ
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের মুখে ২৫ গার্মেন্ট বন্ধ ঘোষণা
- বিচারবহির্ভূত হত্যার শিকার ৩০, গুম ১০: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
- সাভারে নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা বেড়েই চলেছে
- বৃষ্টিতে নাকাল নগরজীবন: উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত



