bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
বুধবার, ৫ আষাঢ় ১৪২০; ১৯ জুন ২০১৩;
 
আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর
আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ২০ আগস্ট)- ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সারাদেশে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগায়। আবহাওয়া প্রতিকূলে থাকলে একই সময়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

 

রাজধানীতে ঈদের প্রধান জামাত ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন। ঢাকা সিটি করপোরেশন এরই মধ্যে এ ব্যাপারে প্রস্তুতি সম্পন্ন করেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত পর পর মোট ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

 

এদিকে ঈদের প্রধান জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে র্যা ব ও পুলিশসহ আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারি বজায় রাখবে। সাদা পোশাকে র্যা ব এবং পুলিশ সদস্যরা তৎপর থাকবেন।

 

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় মহানগরীর ৯০টি ওয়ার্ডে মোট ৩৬১টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

 

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে এবং জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় আরো দু’টি পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের শোলাকিয়ায় সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সেখানেও ঈদের জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

 

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রোববার থেকে তিনদিনের সরকারি ছুটি শুরু হচ্ছে। তবে জাতীয় শোকদিবস, লাইলাতুল কদরের সরকারি ছুটি এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে গত ১৫ আগস্ট থেকে ছুটি শুরু হওয়ায় এবার ঈদুল-ফিতরের ছুটি ৭ দিনে দাঁড়িয়েছে।

 

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংসদে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

ঈদের দিন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

 

বনানীর ঢাকা গেট থেকে বঙ্গভবন পর্যন্ত প্রধান সড়ক এবং সড়ক দ্বীপসমূহে জাতীয় পতাকা এবং বাংলা ও আরবিতে ঈদ মোবারক লেখা ব্যানার ও ফেস্টুন-সজ্জিত করা হবে। এ ছাড়া ঈদের দিন দিবাগত রাতে গুরুত্বপূর্ণ সরকারি ভবনসমূহে আলোকসজ্জা করা হবে।

 

বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো ঈদের দিন বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। ঈদ উপলক্ষে বিভিন্ন পত্র-পত্রিকা বিশেষ সংখ্যা প্রকাশ করেছে।

 

ঈদের দিন দেশের বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয়কেন্দ্র, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

 

এ ছাড়া ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় নীতির সাথে সঙ্গতিপূর্ণ চলচ্চিত্র প্রদর্শন করা হবে। সুবিধাবঞ্চিত শিশুদের বিনা টিকেটে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন সকল শিশু পার্কে প্রবেশ, বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে।

 

বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ জাতীয় কর্মসূচি ও নিজ নিজ কর্মসূচির আলোকে ঈদুল ফিতর উদযাপন করবেন।

 

এ ছাড়া বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহে যথাযথ মর্যাদায় সরকারি কর্মসূচির আলোকে ঈদুল ফিতর উদযাপিত হবে।

 

ঈদ উপলক্ষে মুসল্লীদের নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীসহ সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী সভাপতি এডভোকেট মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় বলা হয়, ২৯ রমজান শনিবার বাংলাদেশের আকাশে হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ২০ আগস্ট সোমবার থেকে পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে। সুতরাং সোমবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

 

বিডিপ্রেস ডটনেট/এম রহমান

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman Chandan
House 60 , Road , 03 , Block B Niketon , Dhaka , 1212
Phone: +8802 9884147 , News Room : +8801195 338565
Email: [email protected]