bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪২০; ২১ মে ২০১৩;
 
সরকার জনবিচ্ছিন্ন হয়ে স্বৈরাচারী আচরণ শুরু করেছে: মওদুদ আহমদ
সরকার জনবিচ্ছিন্ন হয়ে স্বৈরাচারী আচরণ শুরু করেছে: মওদুদ আহমদ

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ২২ মে)- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, “আন্দোলনের মাধ্যমে সরকার পরাজিত করা হবে এবং তাদের অত্যাচার থেকে জনগণ মুক্তি পাবে।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি একথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ সব নেতাকর্মীর মুক্তির দাবিতে দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরাম এই কর্মসূচির আয়োজন করে।

এতে মোশাররফের ছেলে ড. খন্দকার মারুফ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তৃতা করেন।

ব্যারিস্টার মওদুদ বলেন, “হরতালের সময় গাড়িতে আগুন ও ককটেল ফাটানোর যে অভিযোগে বিএনপি নেতাদের গ্রেফতার করা হয়েছে তা অবিশ্বাস্য। তারা সেখানে উপস্থিতও ছিলেন না।”

মওদুদ বলেন, “সরকার ‘মিথ্যা মামলা’ দিয়ে তাদের হয়রানি করছে এবং আদালতকে ব্যবহারের মাধ্যমে জামিন থেকেও তাদের বঞ্চিত করেছে।”

“সরকার জনবিচ্ছিন্ন হয়ে গেছে, এজন্য পুলিশের আশ্রয় নিয়েছে”-বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, “জনপ্রিয়তা হারিয়ে কোনো উপায় না থাকলে শেষ পর্যন্ত সরকার এভাবে স্বৈরাচারী আচরণ শুরু করে। আর তাদের অত্যাচারের এই সময় সাময়িক।”

নেতাদের ওপর গ্রেফতার ও নির্যাতনে বিএনপি কখনো নেতৃত্বশূন্য হবে না বলে জানিয়ে মওদুদ বলেন, “এতে আন্দোলন বন্ধ হবে না। জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশে আন্দোলন আরো কঠোর হবে। আর তাতে সরকারের পরাজয় হবে এবং জনগণের মুক্তি মিলবে।”

নেতাদের মুক্তির জন্য দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধারণের পরামর্শ দেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

 

বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১১৪৪  ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.