bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪২০; ২২ মে ২০১৩;
 
প্রধানমন্ত্রীকে সংলাপের আহ্বান না জানালে পদত্যাগ করবেন নাজমুল হুদা
প্রধানমন্ত্রীকে সংলাপের আহ্বান না জানালে পদত্যাগ করবেন নাজমুল হুদা

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ২৩ মে)- আগামী ৫ জুনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপে বসার আহ্বান জানানোর জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানিয়েছেন দলটির নেতা নাজমুল হুদা। এ সময়ের মধ্যে খালেদা জিয়া এই আহ্বান না জানালে ৬ জুন বিএনপি থেকে পদত্যাগ করবেন নাজমুল হুদা।


আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাজমুল হুদা এই ঘোষণা দেন।


নাজমুল হুদার মতে, দেশের স্বার্থে খালেদা জিয়াকেই সংলাপের আহ্বান জানাতে হবে। তিনি আশা করছেন, তাঁর নেত্রী খালেদা জিয়া তাঁকে পদত্যাগে বাধ্য করবেন না। অন্যদিকে খালেদা জিয়া যদি সংলাপের আহ্বান জানান, তাহলে শেখ হাসিনা সে আহ্বানে সাড়া দেবেন।


বিএনপির চলমান আন্দোলন প্রসঙ্গে নাজমুল হুদা বলেন, ‘দুঃখজনক হলেও সত্যি, আজ আমার দলের রাজপথের নীতি দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। বিএনপির কর্মকাণ্ডে দেশবাসী হতাশ।’


নাজমুল হুদা বলেন, ‘সমৃদ্ধি ও উন্নয়নের একটাই পথ। আর তা হচ্ছে, দুই নেত্রীর ঐকমত্য। দলের একজন নিবেদিত কর্মী হিসেবে এ ঐক্যমতের জন্য আমি শুধু আমার নেত্রীর ওপর চাপ প্রয়োগ করতে পারি।’
নাজমুল হুদা বলেন, দুই নেত্রী যাঁর যাঁর অবস্থানে অনড়। জাতি তাঁদের ইচ্ছা-অনিচ্ছার কাছে জিম্মি।


নাজমুল হুদার মতে, কোনো শর্ত নয়। বরং অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে দুই নেত্রীর আলোচনায় বসা উচিত। কিন্তু যুদ্ধের মনোভাব নিয়ে আলোচনা হবে না।


এসব কথা কেন নিজের দলীয় ফোরামে বলছেন না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাজমুল হুদা বলেন, দলীয় ফোরামে বলা প্রয়োজন বলে মনে করেননি তিনি। দলের ভেতরে তাঁর এ কথা কতটুকু গুরুত্ব পাবে, তা তিনি জানেন।


এ ধরনের বক্তব্যের জন্য আবারও বহিষ্কার করা হলে কী করবেন, জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, তিনি সব জেনে-শুনেই এখানে এসেছেন।
অন্য এক প্রশ্নের উত্তরে নাজমুল হুদা বলেন, বিএনপি থেকে পদত্যাগ করলেও তিনি রাজনীতি ছাড়বেন না। এটা হবে তাঁর রাজনীতির শুরু। আর সময়ই বলবে, কী করতে হবে।

 

বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_২০৪৭ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.