bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
বৃহস্পতিবার, ৬ আষাঢ় ১৪২০; ২০ জুন ২০১৩;
 
প্রধানমন্ত্রীর সম্পদের হিসাব চান এম কে আনোয়ার
প্রধানমন্ত্রীর সম্পদের হিসাব চান এম কে আনোয়ার

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ০৯ জুলাই)- নির্বাচনী ওয়াদা অনুযায়ী প্রধানমন্ত্রীকে তার সম্পদের হিসাব প্রকাশের আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।


তিনি বলেন, সাড়ে তিন বছরে প্রধানমন্ত্রী যে পরিমাণ লুটপাট করেছেন তার একটি অংশ দিয়ে পদ্মা সেতু নির্মাণ করা উচিত। আপনার সন্তানরা কিভাবে লন্ডন ও কানাডাতে বাড়ি করেছে তারও ব্যাখ্যা দিন।

সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘দুর্নীতির রাহু গ্রাসে কলঙ্কিত বিচার ব্যবস্থা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সুশীল ফোরাম নামে একটি সংগঠন এর আয়োজন করে।

বন্ডের মাধ্যমে পদ্মা সেতুর জন্য টাকা সংগ্রহ করা হবে প্রধানমন্ত্রীর এমন ঘোষণার প্রেক্ষিতে এম কে আনোয়ার বলেন, বন্ডের মাধ্যমে পদ্মা সেতুর জন্য টাকা সংগ্রহ হলে, কুইক রেন্টালের মতো এটিও জাতির জন্য আরেকটি নতুন বোঝা হবে। দাতা সংস্থাগুলোকে গালাগালি না করে তাদের সাথে সমঝোতা করে ফের ঋণ নেওয়ার দাবি জানান তিনি।

প্রয়োজনে এক বেলা বাজার না করে সেই টাকা দিয়ে পদ্মা সেতু করবো সংসদ উপনেতার এমন বক্তব্যের জবাবে বিএনপির এই নেতা বলেন, দুই বেলা বাজার করার ক্ষমতা আওয়ামী লীগ নেতাদের ছাড়া আর কারো নেই। সাধারণ মানুষের একবেলা বাজার করার ক্ষমতা নেই। কারণ দেশে এখন নিরব দুর্ভিক্ষ চলছে।

এ সময় শেয়ারবাজার, কুইরেন্টাল ও পদ্মাসেতু প্রকল্পে আওয়ামী লীগ নেতারা দুর্নীতি করেছে বলেও অভিযোগ করেন এম কে আনোয়ার। প্রধানমন্ত্রীর ফোন নাম্বার দেওয়ার পরে কতজন মানুষ তার কাছে দুর্নীতির কথা বলেছেন তা জনগণকে জানাতে বলেন তিনি।

এম কে আনোয়ার বলেন, পৃথিবীর কোন দেশের সংবিধানে সংসদীয় ব্যবস্থায় নির্বাচন করার কোন ব্যবস্থা নেই। কোন নেতার ছবি অফিস আদালতে টাঙানোরও নিয়ম নেই। বর্তমান সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই ব্যবস্থা করেছে। আগামীতে জনগণের সরকার প্রতিষ্টা হলে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আঁস্তাকুড়ে নিক্ষেপ করা হবে।

দেশের সব মানুষের আপত্তি থাকা সত্ত্বেও সরকার আবারো কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে। এই সাড়ে তিন বছরে কারা কত টাকা সাদা করেছে তাদের নাম প্রকাশ করার দাবি জানান বিএনপির এই প্রবীণ নেতা।

সংগঠনের সভাপতি মো. জাহিদের সভাপতিত্ব আরো বক্তব্য রাখেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, জামায়াত নেতা মিয়া গোলাম পরোয়ার, বিএনপির নেতা রফিক শিকদার প্রমুখ।

 

বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১৬২৯ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman Chandan
House 60 , Road , 03 , Block B Niketon , Dhaka , 1212
Phone: +8802 9884147 , News Room : +8801195 338565
Email: [email protected]