স্টাফ রিপোর্টার: (ঢাকা, ১৫ জুলাই)- লন্ডনে বাড়ি থাকার কথা বলে দুর্নীতি দমন কমিশন অপপ্রচার চালাচ্ছে দাবি করে সাংবিধানিক এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের হুমকি দিয়েছেন মওদুদ আহমদ।
সাবেক আইনমন্ত্রী বলেছেন, স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে চলতে দুদকের আইন তার সময়ে তৈরি হলেও বর্তমানে প্রতিষ্ঠানটি তার স্বাধীন সত্ত্বা হারিয়ে সরকারের আজ্ঞাবহ হয়ে পড়েছে।
লন্ডনের একটি বাড়ির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে দুর্নীতি দমন কমিশন সম্পতি বিএনপি নেতা মওদুদকে নোটিস দেয়। এর বিরুদ্ধে তিনি আবেদন করলে হাই কোর্টে এর কার্যকারিতা স্থগিত করে। আপিল বিভাগের আদেশও মওদুদের পক্ষে আসে।
আদালতের আদেশের পরও দুর্নীতি দমন কমিশন অপপ্রচার চালিয়ে যাচ্ছে অভিযোগ করে রোববার মতিঝিলে নিজের পেশাগত কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ব্যারিস্টার মওদুদ।
দুদকের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন সংবাদপত্রের খবর, লন্ডনের হান্টিংটনে সাড়ে চার কোটি টাকায় গত বছর একটি বাড়ি কিনেছেন মওদুদ।
কথিত এই বাড়ি কেনার অর্থের উৎস তদন্তে কাজ করছেন দুদকের উপপরিচালক মোনায়েম হোসেন। এর অংশ হিসেবে মওদুদকে গত ৪ জুলাই নোটিস পাঠানো হয়। এর বিরুদ্ধেই আদালতে যান তিনি।
মওদুদ বলেন, “দেশের সর্বোচ্চ আদালত নোটিসের কার্যকারিতা স্থগিত রাখার পরও দুদক আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মিথ্যা তথ্য গণমাধ্যমকে দিচ্ছে। তারা বলছে, আমি না কি অর্থ পাচার করে বাড়ি কিনেছি। এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগ। যুক্তরাজ্যে আমার কোনো বাড়ি কিংবা সম্পদ কিংবা সেখানে আমার কোনো ব্যাংক একাউন্ট নেই।”
“একটি মিথ্যা অভিযোগ তদন্তের নামে দুর্নীতি দমন কমিশন আমার চরিত্রহনন করার জন্য জনসমক্ষে অপপ্রচার চালাচ্ছে। আমি স্পষ্টভাষায় বলতে চাই, মিথ্যা অভিযোগে মামলা করা হলে চেয়ারম্যানসহ দুদকের বিরুদ্ধে আমি মানহানি ও ক্ষতিপূরণ মামলা করব,” বলেন তিনি।
বিএনপি-জামায়াত জোট সরকার আমলে যখন দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত করে দুর্নীতি দমন কমিশন গঠিত হয়, তখন মওদুদ ছিলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, “দেশে একটি স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠনের জন্য আলাদা আইন ও বিধিমালা প্রণয়ন করেছিলাম। সুপ্রিম কোর্টের মতো এটিও স্বাধীন প্রতিষ্ঠান হিসেব কাজ করবে, এটাই ছিল আমাদের সরকারের লক্ষ্য। কিন্তু বর্তমান সরকার এই প্রতিষ্ঠানকে নিজেদের রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছে। এটি এখন সরকারের দালাল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।”
“তারা একদিকে সরকারের দুর্নীতিবাজ ব্যক্তিদের দুর্নীতিমুক্তির সনদপত্র দিচ্ছে। অন্যদিকে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, তারেক রহমানসহ আমাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করছে,” বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ।
বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৭৪২ ঘ.
Add Your Comment
- নড়াইলে সন্ত্রাসীদের হাতে যুবদল নেতা খুন
- ড্যান মজিনার বক্তব্যে ক্ষুব্ধ পাটমন্ত্রী
- মঙ্গলবার সারাদেশে শিবিরের বিক্ষোভ
- ক্ষমতার শেষ অস্ত্র ছেড়ে দিয়েছে সরকার: এম কে আনোয়ার
- খেলাফতের তিন নেতার রিমান্ড মঞ্জুর
- নিষেধাজ্ঞা উপেক্ষা করে চট্টগ্রামে বিএনপি’র সমাবেশ
- শিবির সভাপতির ১৭ দিনের রিমান্ড আবেদন
- হেফাজতের তিন নেতাকে চার দিনের রিমান্ড
- সব কাজ নির্বাচনকে রেখে করা যায় না: যোগাযোগ মন্ত্রী
- অনুমতি নিয়ে সভা-সমাবেশ সবই করা যাবে: মোহাম্মদ নাসিম



