bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪২০; ২২ মে ২০১৩;
 
নির্দলীয় সরকার ছাড়া কোনো বিকল্প মেনে নেয়া হবে না: মির্জা ফখরুল
নির্দলীয় সরকার ছাড়া কোনো বিকল্প মেনে নেয়া হবে না: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ১৫ আগস্ট)- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশে বলেছেন, আপনাদের সময় শেষ। নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। অন্য কোনো বিকল্প মেনে নেয়া হবে না।

 

তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে আবারো ক্ষমতায় আসার জন্য কোনো কলাকৌশল কাজে আসবে না।

 

বুধবার বিকেলে নয়াপল্টনের একটি হোটেলে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত এতিম ও দুঃস্থদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন।

 

মির্জা ফখরুল বলেন, জনগণের সমস্যার সমাধান নয়, সরকারের চিন্তা কিভাবে অবারো ক্ষমতায় আসা যায়। সেজন্যই তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চায়।

 

এ দেশের মানুষ কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন মেনে নেবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

 

‘সংবিধান সংশোধন করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে’ অভিযোগ করে ফখরুল বলেন, পঞ্চদশ সংশোধনীর সংক্ষিপ্ত রায়ে বলা হয়েছে এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। আবার জনগণের কথা চিন্তা করে বলা হয়েছে, আরো দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে হবে।

 

তিনি বলেন, আদালতের রায়ের এক অংশ রেখে নিজেদের সুবিধার কথা চিন্তা করে এক অংশ বাদ দিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এটাকে আদালত অবমাননার শামিল বলেও মন্তব্য করেন তিনি।

 

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ও বিএনপির আদর্শিক পার্থক্যের কথা বলে সরকারের নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির সঙ্গে কোনো সমঝোতার সুযোগ নেই।’ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের সময় সংবাদ সম্মেলন করে বিএনপি চেয়ারপারসন বলেছিলেন, এর ফলে দেশে সংঘাতের সৃষ্টি হবে। মন্ত্রীর এ বক্তব্যে বেগম জিয়ার সে কথা প্রমাণ হয়েছে।

 

দুর্নীতি দমন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, সরকারের নির্দেশ পালন ছাড়া এ প্রতিষ্ঠানটির কোনো কাজ নেই। সরকারের লোকদের ক্লিন সার্টিফিকেট আর বিরোধী দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া এদের প্রধান কাজ।

 

মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাদের আগামী নির্বাচন থেকে দূরে রাখতে চায় বলেও অভিযোগ করেন তিনি।

 

শবে কদরে এ জালিম সরকারের হাত থেকে দেশকে রক্ষায় দোয়া করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ঈদের পরে বেগম জিয়ার নেতৃত্বে সবাইকে সরকারবিরোধী আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।

 

সংগঠনের সভানেত্রী শ্যামা ওবায়েদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, ওলামা দলের সাধারণ সম্পাদক শাহ মো. নেছার উদ্দিন প্রমুখ।

 

অনুষ্ঠানে ফকিরাপুল, জামেয়া মদিনাতুল উলুম ও শান্তিনগর এতিমখানার প্রায় অর্ধশত শিক্ষার্থীর মধ্যে ঈদ উপহার তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

 

বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৯৫৩ ঘ.

CommentAdd Your Comment
রাজনীতি




2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.