bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪২০; ১৮ মে ২০১৩;
 
নির্দলীয় সরকার ছাড়া অন্য বিকল্প নয়: মঈন খান
নির্দলীয় সরকার ছাড়া অন্য বিকল্প নয়: মঈন খান

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ১৭ আগস্ট)- নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া অন্য কোনো বিকল্প ব্যবস্থা বিএনপি মেনে নেবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
শুক্রবার সকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “আগামীতে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠনের রূপরেখায় দুটি বিষয় অবশ্যই থাকতে হবে। প্রথমত সেই সরকার হবে নির্দলীয়। দ্বিতীয়ত তারা হবে নিরপেক্ষ। এর বাইরে অন্য কোনো বিকল্প আমরা মেনে নেব না।”

তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা প্রসঙ্গে এই বিএনপি নেতা বলেন, “আমাদের নেত্রী খালেদা জিয়া ইতোমধ্যে বলে দিয়েছেন, নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচনে বিএনপি যাবে না। নিদর্লীয় সরকারের রূপরেখা কি হবে, তাও তিনি বলেছেন।”

তারপরও সরকার ‘জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে’ ক্ষমতাকে ‘পাকাপোক্ত’ করার ইচ্ছা নিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেন মঈন খান।

তিনি বলেন, “তারা জেনে গেছে, জনগণের ভোটে আবার ক্ষমতায় আসতে তারা পারবে না।”

বিগত চার দলীয় জোট সরকারের মন্ত্রী আবদুল মঈন খান প্রশ্ন রাখেন, “২০০১ সালের নির্বাচনে বিএনপি দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে ক্ষমতায় যাওয়ার পর যদি নির্দলীয় সরকার ব্যবস্থা বাতিল করতো, তাহলে কি আওয়ামী লীগ তা মেনে নিত?”

জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপিপন্থী সংগঠন হৃদয়ে বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. হানিফ।

‘নির্বাচনকালীন সময়ে কেমন সরকার চাই’ শীর্ষক এ আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য রাখেন।

 

বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১৭০৩ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.