bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪২০; ২২ মে ২০১৩;
 
ক্রিকেটে বোল্টের অভিষেক হতে যাচ্ছে!
ক্রিকেটে বোল্টের অভিষেক হতে যাচ্ছে!

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ১৩ আগস্ট)- নিজেকে জীবন্ত কিংবদন্তি ঘোষণাকারী জ্যামাইকান অ্যাথলেট উসাইন বোল্ট এবার ক্রিকেটে মনোনিবেশ করতে যাচ্ছেন। আর এরই অংশ হিসেবে তাকে দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-টোয়েন্টিতে লিগে।

 

আট দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টটি আগামী ৭ ডিসেম্বর অস্ট্রেলিয়ায় শুরু হবে। এতে বোল্টের খেলার ব্যাপারে আলোচনা এগিয়ে নিচ্ছেন আরেক কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। ক্রিকেট খেলার জন্য বোল্টকে মেলবোর্নে আনতে তিনি রীতিমত অভিযানে নেমেছেন।

 

সদ্য শেষ হওয়া লন্ডন অলিম্পিকে স্পিন্টার উসাইন বোল্ট তিনটি স্বর্ণ পদক জয় করেন। এর মধ্যে টানা দুই অলিম্পিকে ১০০ ও ২০০ মিটারে সোনা জিতে সর্বকালের সেরা অ্যাথলেটের আসনে জায়গা করে নিয়েছেন।

 

এমন অর্জনের পর তাকে প্রশংসা বানে ভাসান অলিম্পিক কমিটির প্রধান জ্যাকস রগ।

 

তিনি বলেন, লন্ডনে তিনটি স্বর্ণ পদক জয়ের পর বোল্ট এখন সর্বকালের সেরা স্পিন্টার। জ্যাকস রগ আরও জানান, ট্রাক অ্যান্ডে টেন্ডে দৌঁড়ানোর আগে বোল্ট ক্রিকেট খেলতেন। আর এই খেলাটির প্রতি তার অন্য রকম দুর্বলতা রয়েছে।

 

ক্রিকেটের প্রতি দুর্বলতা বোল্টও একাধিকবার বলেছেন। আর এবার অস্ট্রেলিয়ান চ্যানেল নাইন- কে দেয়া সাক্ষাৎকারে সরাসরি ক্রিকেটে জড়ানো নিয়ে তিনি বলেন, আমি ক্রিকেট খেলতে চাই। এজন্য অস্ট্রেলিয়ান সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্নের সাথে আলোচনাও করেছি।

 

বোল্ট জানান, ওয়ার্ন আমার কাছে জানতে চেয়েছেন- আমি সত্যিই সিরিয়াস কিনা। যদি সিরিয়াস হই, তবে সে এ নিয়ে আলোচনা করবে এবং হয়তো খেলা সম্ভব হবে।

 

তিনি বলেন, আমি শেন ওয়ার্নের সাথে দেখা করার সময় চেয়েছি। তিনি আমার খেলার ব্যাপারে চেষ্টা করবেন বলে আশস্ত করেছেন।

 

ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেট খুবই জনপ্রিয়। অ্যাথলেট হওয়ার আগে এক সময় জ্যমাইকার একটি দলে বোল্ট কিছুদিন খেলতেনও। যে দল থেকে ফ্রাঙ্ক ওরেল, মাইকেল হোল্ডিং, কোর্টনি ওয়ালশ এবং ক্রিস গেইলের মত জনপ্রিয় খেলোয়াড় জাতীয় দলে খেলেছেন বা খেলছেন।

 

সাক্ষাৎকারে নিজেকে অলরাউন্ডার দাবি করে বোল্ট বলেন, টি-২০, আমি এটাকে ভালোবাসি। বেশ উত্তেজনায় ঠাসা খেলা। সারাক্ষণ পরিশ্রম করতে হয়, যেটা আমারও প্রিয়। অনেকটাই বিধ্বংসিমূলক খেলা, আমি নিজেকে ওই রকম ব্যাটসম্যান দেখতে ভালোবাসি।

 

তিনি বলেন, যদি আমি সুযোগ পাই, তবে সত্যিই ভালোভাবে চেষ্টা করব। কারণ আমি জানি এই খেলাটির অসংখ্য ভক্ত রয়েছে। আর কিভাবে কোনো কিছুতে ভালো করতে হয়, তা আমার খুব ভালো জানা আছে। হয়তো খুব শিগগিরই আমি এজন্য প্রচুর প্রাকটিস শুরু করব।

 

শেন ওয়ার্ন মেলবোর্ন স্টারস ফ্রাঞ্চাইজের তারকা খেলোয়াড়। আর এই দলে বোল্টকে নিতে তিনি ইতিমধ্যে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে প্রচারণা চালাতে শুরু করে দিয়েছেন।

 

এক টুইট বার্তায় শেন ওয়ার্ন লিখেন, অলিম্পিক কিংবদন্তি উসাইন বোল্ট মেলবোর্ন স্টারসের হয়ে টি-২০ ক্রিকেট খেলার আগ্রহ প্রকাশ করেছেন। আপনারা তার সমর্থনে টুইট করুন।

 

চ্যানেল নাইন জানায়, ২০০৯ সালে এক চ্যারিটি ম্যাচে উসাইন বোল্ট ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্রিস গেইলকে বোল্ড করেন। আর সম্প্রতি এক খেলায় গেইলকে তিনি ছক্কাও হাকিয়েছেন।

 

বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৬০৭ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.