1. »
  2. জাতীয়

আজ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নতুন প্রধানমন্ত্রী

বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:১৩ এএম | আপডেট: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:২৩ এএম

আজ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নতুন প্রধানমন্ত্রী

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজ প্রথম কর্মদিবস শুরু করছেন তারেক রহমান। মঙ্গলবার শপথ গ্রহণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। একই দিন নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করেন।

আজ বুধবার সকালে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নতুন সরকারের কর্মসূচি শুরু হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সকাল ১০টায় প্রধানমন্ত্রী পুষ্পস্তবক 

অর্পণ করবেন। শহীদদের স্মরণে নীরবতা পালন ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি রাজধানীর সচিবালয়ের উদ্দেশে রওনা হবেন।

দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে পৌঁছে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দপ্তরে প্রথম অফিস করবেন তিনি। দায়িত্ব গ্রহণের শুরুতেই মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন।

মধ্যাহ্নভোজ শেষে বেলা ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। যদিও বৈঠকের নির্দিষ্ট এজেন্ডা নির্ধারিত হয়নি, তবুও এটি হবে নতুন সরকারের প্রথম আনুষ্ঠানিক নীতিনির্ধারণী আলোচনা। এরপর বিকাল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এ সভায় সরকারের অগ্রাধিকার কর্মসূচি ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নের দিকনির্দেশনা তুলে ধরা হতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের ফলাফল ইতোমধ্যে গেজেট আকারে প্রকাশিত হয়েছে। এর মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। দ্বিতীয় সর্বোচ্চ ৬৮টি আসন পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাকি আসনগুলোতে জয়ী হয়েছেন বিভিন্ন জোট, দল ও স্বতন্ত্র প্রার্থীরা। এবারের নির্বাচনে বিজয়ীদের মধ্যে প্রায় ১৫০ জন প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।