কাল থেকে আবারও বাড়তে পারে বৃষ্টি, সাগরে লঘুচাপের আভাস
বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ১১:৫০ এএম | আপডেট: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ১১:৫০ এএম
রোদঝলমলে আবহাওয়ার পর বুধবার সকাল থেকেই মেঘে ঢেকে গেছে রাজধানীসহ দেশের আকাশ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত ভারী বর্ষণের আশঙ্কা কম। তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে এর প্রভাব স্পষ্ট হয়ে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে জানান, আজ সকালেই সাগরে লঘুচাপ সৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে এবং সকাল ১০টার দিকে বিষয়টি স্পষ্ট হতে পারে।
তবে লঘুচাপ সৃষ্টি হওয়ামাত্রই বৃষ্টি শুরু হয় না, সাধারণত কয়েক ঘণ্টা থেকে একদিন পর এর প্রভাব অনুভূত হয়। এই হিসাবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে বলে জানান তিনি।
আবহাওয়াবিদদের ধারণা, নতুন এই বৃষ্টিপাত প্রথমে দেশের দক্ষিণাঞ্চলে দেখা দিতে পারে, পরে ধীরে ধীরে অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। তবে গত সপ্তাহের মতো তীব্র বর্ষণের আশঙ্কা নেই এবং এই দফার বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হওয়ারও সম্ভাবনা কম।
বুধবার সকাল ৭টায় প্রকাশিত ঢাকা ও আশপাশের এলাকার ছয় ঘণ্টার পূর্বাভাসেও বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। রাজধানীতে সকালের দিকে হালকা বৃষ্টি হলেও বিকেলে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মাসের ৫ জুলাই সাগরে সৃষ্ট নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি শুরু হয়, যা প্রথমে চট্টগ্রাম অঞ্চলে এবং পরে সিলেটসহ প্রায় সারা দেশে ছড়িয়ে পড়ে। এই সময়ে অর্থাৎ ৫ থেকে ১২ জুলাইয়ের মধ্যেই জুলাই মাসের মোট বৃষ্টিপাতের প্রায় ৭৯ শতাংশ রেকর্ড হয়ে গেছে।
এদিকে বৃষ্টিপাত কমে যাওয়ায় মঙ্গলবার দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছিল। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, যা আগের দিন ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার তাপমাত্রা আর উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা নেই।
আরও পড়ুন
- দেশের ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কসংকেত
- রাজধানীতে দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস
- দেশের সাত অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- চট্টগ্রামসহ ছয় অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
- দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা
- দেশের ৬ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত