দেশজুড়ে ‘ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা’ কার্যক্রম শুরু করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ১১:৫১ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ১১:৫১ এএম
দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, কেউ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না। জনগণের স্বাস্থ্যের যত্ন নিশ্চিত করতে এবং মারাত্মক রোগগুলো প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে সরকার সারা দেশে ‘হোম-টু-হোম হেলথ স্ক্রিনিং’ (ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা) কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানের লেক পার্কে হাইজিন ফর হেলথ বাংলাদেশের (সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যবিধি বাংলাদেশ) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে, যাদের ৮০ শতাংশই হবেন নারী। এই নারী কর্মীরা ঘরে ঘরে গিয়ে সাধারণ নারীদের স্তন ও জরায়ু ক্যান্সার কীভাবে পরীক্ষা করতে হয়, তা শেখাবেন, যাতে প্রাথমিক অবস্থাতেই রোগ শনাক্ত করে দ্রুত চিকিৎসা দেওয়া যায়। স্বাস্থ্যকর্মীরা একটি বিশেষ বক্স নিয়ে বাড়ি বাড়ি যাবেন এবং রক্তচাপ, ওজন, ডায়াবেটিস, লিপিড প্রোফাইল পরীক্ষার পাশাপাশি ঘরে বসেই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার সুবিধা দেবেন।
তিনি বলেন, সুস্থ থাকতে হলে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে থাকার বিকল্প নেই। একটি সুস্থ ও জ্ঞানভিত্তিক সমৃদ্ধ জাতি গঠনের পূর্বশর্ত হলো জনসচেতনতা ও সুস্বাস্থ্য।
সারা দেশে সিজারিয়ান সেকশন বাড়ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে অধিকাংশ শিশু সিজারের মাধ্যমে জন্মগ্রহণ করছে, ফলে প্রকৃতি ও সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে বড় প্রোটিনের উৎস ‘শালদুধ’ শিশুকে দেওয়া হচ্ছে না। মায়েদের কর্মব্যস্ততা, অবহেলা এবং জীবনযাত্রার পরিবর্তনের কারণে মাতৃদুগ্ধ পান করানোর হার কমে যাচ্ছে, যা শিশুদের মারাত্মক পুষ্টিহীনতার দিকে ঠেলে দিচ্ছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, নির্দিষ্ট অঞ্চলে (যেমন ব্রাজিলে) তীব্র প্রোটিনের অভাবে রোগীরা আমাশয়ে আক্রান্ত হওয়ার পরপরই মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন।
সভায় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর খেতাবপ্রাপ্ত সামানজার সাঈদ, গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম এবং গুলশান সোসাইটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মৃধাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী
- নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন নেতাদের সৌজন্য সাক্ষাৎ
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু
- চুরির সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা, আটক ২
- এমপিও শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না
- জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
- সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত