জানুয়ারির মধ্যে দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৩ এএম | আপডেট: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৩ এএম
দেশের প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে এসব স্থাপনায় সৌরবিদ্যুৎ চালু করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
এ বিষয়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশের সব উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, হাট-বাজারের স্থায়ী শেডের ছাদ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন বাজারে নির্মিত চার-পাঁচতলা ভবনের ছাদে জায়গার পরিমাণ বিবেচনা করে সৌর প্যানেল স্থাপন করতে হবে। উৎপাদিত বিদ্যুৎ প্রথমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা পূরণে ব্যবহার করা হবে। অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করতে হবে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের অধীন বিভিন্ন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের স্থানীয়, জেলা ও উপজেলা পর্যায়ের ভবনেও ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
সৌরবিদ্যুৎ ব্যবস্থায় অন্তত দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ রাখার কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা অতিরিক্ত বিদ্যুতের জন্য ‘নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫’ অনুযায়ী প্রতি ইউনিটে ১০ টাকা ৫০ পয়সা পাওয়া যাবে। এর মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর রাজস্ব আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
হাট-বাজারের আয় থেকেই সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের অর্থ জোগানের নির্দেশ দেওয়া হয়েছে। ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা, ২০২৫’-এর বিধান অনুযায়ী, হাট-বাজারের ইজারা আয়ের ১০ শতাংশ সংশ্লিষ্ট হাট-বাজারের রক্ষণাবেক্ষণ বা উন্নয়নে এবং আরও ১০ শতাংশ উপজেলার আওতাধীন হাট-বাজারগুলোর রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে ব্যয়ের জন্য নির্ধারিত রয়েছে। এই অর্থ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও তা বাণিজ্যিকভাবে সম্প্রসারণে ব্যবহারের কথা বলা হয়েছে।
এ ছাড়া সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনকারী প্রতিষ্ঠানের সঙ্গে পরবর্তী ২০ বছরের মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করতে হবে।
স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় নির্ধারিত সময়ের মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কাজ শেষ করতে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।
আরও পড়ুন
- জাতিসংঘে বিশ্বশান্তি ও মানবাধিকারের পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানোই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে প্রধানমন্ত্রী
- দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
- ভোটার এলাকা স্থানান্তর কার্যক্রম ফের চালু
- জনগণের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়নেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর
- নভেম্বরে তফসিল, জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি
- আজ জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ