1. »
  2. অর্থ বাণিজ্য

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩০ বিলিয়ন ডলার

সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৬ এএম | আপডেট: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৬ এএম

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩০ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে ৩৬ হাজার ৩০৮ দশমিক ৯৮ মিলিয়ন ডলার বা ৩৬ দশমিক ৩০ বিলিয়নে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০ সেপ্টেম্বর পর্যন্ত এ রিজার্ভের পরিমাণ ছিল।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে দেশের রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৪৫২ দশমিক ৮৩ মিলিয়ন ডলার বা ৩১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।

এদিকে রেমিট্যান্স প্রবাহেও ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। চলতি সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে দেশে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে স্থানীয় মুদ্রায় এর পরিমাণ ২৩ হাজার ৮৭ কোটি টাকার বেশি।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে দেশে মোট ১৮৭ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর—এই তিন দিনেই প্রবাসীরা প্রায় ১৩ কোটি ডলার পাঠিয়েছেন।

গত বছরের সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৮৬ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় কিছুটা বেড়েছে।

অন্যদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭৭০ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৬৭৬ কোটি ৯০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশ।