বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বৃষ্টি হতে পারে যেসব এলাকায়
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ১০:১০ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ১০:১০ এএম
দেশজুড়ে চলমান ভ্যাপসা গরমের মধ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি ঘনীভূত হয়ে শক্তিশালী হলে আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২১ অক্টোবর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা আগামী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে ভারতের তামিলনাড়ু উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এরই মধ্যে শুক্রবার বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বাঞ্চলে নতুন আরেকটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার থেকে রোববার (২৩-২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শুক্রবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও শনিবার কিছুটা কমতে পারে। রোববার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। তবে নতুন লঘুচাপের সৃষ্টি, এর শক্তি বৃদ্ধি ও গতিপ্রকৃতির ওপর বৃষ্টির বিস্তার নির্ভর করবে।
আরও পড়ুন
- তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- দুপুরের মধ্যে ৫ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা
- রাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা
- রাজধানীতে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
- সাগরে লঘুচাপ, দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের আভাস
- ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার সতর্কতা, ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা
- ৬ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস