ইনিংস ব্যাবধানে হারের পর অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
শনিবার, ২৮ জুন, ২০২৫ ০৪:০৪ পিএম | আপডেট: শনিবার, ২৮ জুন, ২০২৫ ০৪:০৪ পিএম
কলম্বো টেস্ট শুরুর আগেই গুঞ্জন ছিল নেতৃত্ব ছাড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় তথা শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর সেই গুঞ্জনে সিলমোহর পড়ল। বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়লেন শান্ত। আজ শনিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
টেস্টের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে শান্ত বলেন, আমার একটা ঘোষণা ছিল আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। আমি টেস্ট ফরম্যাটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না।
দলের ভালোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে শান্ত বলেন, আমি একটা জিনিস সবাইকে ক্লিয়ারলি মেসেজটা দিতে চাই যে, এটা কোনো পারসোনাল (ব্যক্তিগত) কিছু না। এটা দলের ভালোর জন্যই এই সিদ্ধান্তটা নেওয়া এবং এটাতে দলের ভালো কিছু হবে বলে আমি মনে করি। আমার ব্যক্তিগত মতামত যে তিন অধিনায়ক একটু ডিফিকাল্ট হতে পারে। পুরোটা দলের ভালোর জন্য আমি এখান থেকে সরে এসেছি।
পরে এক প্রশ্নের জবাবে টাইগার এই ব্যাটার বলেছেন, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগকে বেশ কয়েকদিন আগেই এই সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন।
সম্প্রতি ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে দেয় বিসিবি। তার জায়গায় নতুন করে দায়িত্ব পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। এর আগে শান্ত নিজেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন ব্যাটিংয়ে মনোযোগী হতে। সেইসময় বোর্ডকেও জানিয়েছিলেন, তিনি টেস্ট ও ওয়ানডে দল চালাতে চান। যদিও তাকে না জানিয়েই ওয়ানডের অধিনায়ক বদলের পথে হাঁটে বিসিবি।
অবশ্য বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরবর্তীতে বলেছিলেন, শান্তর অধিনায়কত্ব (ওয়ানডে) কেড়ে নেওয়া হয়নি। বরং বোর্ডের সবার সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি শান্ত নিজেও খেলোয়াড়সুলভ মানসিকতায় এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে উল্লেখ করেছিলেন বোর্ড সভাপতি।
আরও পড়ুন
- যুক্তরাষ্ট্র বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত ইরানের
- অপ্রতিরোধ্য নয় ভারত, হারানো সম্ভব : ডেভিড মিলার
- অস্ট্রেলিয়া–শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটে জিম্বাবুয়ে
- একসঙ্গে ম্যাচ খেলে বিশ্বরেকর্ড গড়লেন মেসি–বুসকেতস
- পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত
- ভারত–পাকিস্তান রাইভালরি আজ
- ১৯ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল জিম্বাবুয়ে
- জরুরি বৈঠকে যোগ দিতে লাহোরে বিসিবি সভাপতি