বড় জয়ে প্রথমবারের মতো ফাইনালে মেসির ইন্টার মায়ামি
রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ ১১:৫৯ এএম | আপডেট: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ ১১:৫৯ এএম
লিওনেল মেসির ইন্টার মায়ামি প্রথমবারের মতো মেজর লিগ সকার (এমএলএস) কাপের ফাইনালে উঠেছে। শনিবার ইস্টার্ন কনফারেন্স প্লে-অফে নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক সাফল্য পায় ফ্লোরিডার ক্লাবটি।
মায়ামির নায়ক আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেও আলেন্দে। দুর্দান্ত এক হ্যাটট্রিক করে তিনি ম্যাচ জেতানোর মূল কারিগর।
দলের বাকি দুই গোল করেন মাতেও সিলভেত্তি ও তেলাস্কো সেগোভিয়া। অন্যদিকে নিউইয়র্কের একমাত্র গোলটি আসে জাস্টিন হাকের হেড থেকে।
ম্যাচের ১৪ মিনিটেই সার্জিও বুসকেটসের নিখুঁত পাস ধরে আলেন্দে প্রথম গোল করেন। এরপর জর্দি আলবার চোখধাঁধানো ক্রসে অসাধারণ হেডে নিজের দ্বিতীয় গোলও করেন তিনি।
যদিও প্রথমার্ধে একটি গোল করে ব্যবধান কমায় নিউইয়র্ক, তবু ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি মায়ামির কাছেই ছিল।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েও ব্যর্থ হয় নিউইয়র্ক। সেই সুযোগ হাতছাড়া হতেই পাল্টা আক্রমণে মেসির দারুণ পাস থেকে সিলভেত্তি গোল করেন। শেষ দিকে সেগোভিয়া ও আলেন্দের গোল লিড আরো বড় করে ৫-১ এ দাঁড় করায়।
এ জয়ে এমএলএস কাপের ফাইনালে উঠে যায় ইন্টার মায়ামি। আগামী শনিবার নিজেদের মাঠে ফোর্ট লডারডেলে ওয়েস্টার্ন কনফারেন্স ফাইনালের বিজয়ীর বিপক্ষে খেলবে তারা।
আরও পড়ুন
- এশিয়ান গেমসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে লিটন দাস
- জাতীয় দলকে বিদায় জানালেন মেসি
- চেলসিতে যোগ দিলেন আর্জেন্টাইন এমি মার্তিনেজ
- বিলবাওকে হারিয়ে শীর্ষে বার্সা
- ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার প্রস্তাব ব্রাজিলের
- ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ দাবিতে বিশ্বব্যাপী পিটিশন
- এ বছর হচ্ছে না বিপিএল
- ডারউইনে ইতিহাস