আগামী ২২ জানুয়ারি সিলেট সফরে যাচ্ছেন তারেক রহমান
রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬ ১১:২৫ এএম | আপডেট: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬ ১১:২৫ এএম
আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সিলেট সফরে যাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। সেখানে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন তিনি।
গতকাল শনিবার বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল গণমাধ্যমকে এ কথা নিশ্চিত করেছেন।
ভোটের প্রচার শুরুর বিষয়ে শনিবার ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ‘সামনে নির্বাচন। আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ তারিখ থেকে আমাদের সকল রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব।’
ভোটের প্রচারের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি বিএনপি চেয়ারম্যান।
জানা যায়, আগামী ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। এছাড়া আজ ইসিতে চলছে আপিলের দ্বিতীয় দিন। প্রথম দিন ১ থেকে ৭০ পর্যন্ত আপিল শুনানি হয় এতে প্রার্থীতা ফিরে পেয়েছেন ৫১ জন।
বরাবরই বিএনপি দলের নির্বাচনী প্রচারণা সিলেট থেকে শুরু করে তাই এবারও এর ব্যতক্রম ঘটছে না।
বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে। এর অংশ হিসেবে তারেক রহমান সিলেটে হযরত শাহজালাল ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণার সূচনা করবেন। পরে সিলেট থেকে সড়কপথে ঢাকায় ফেরার সময় তিনি বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেবেন।
এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারে একটি জনসভায় যোগ দেওয়ার পর তিনি শ্রীমঙ্গলে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখবেন। ঐতিহ্যগতভাবেই হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমেই নির্বাচনী প্রচারণা শুরু করে বিএনপি।
এর আগে শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক শেষে তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিতের কথা জানানো হয়। সেই সঙ্গে এদিন দলের চেয়ারম্যানের দায়িত্বভার নেন তারেক রহমান।
গতকাল বৈঠক শেষে এ বিষয়ে জানানোর পাশাপাশি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তারেক রহমানের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সফরের নতুন সময়সূচি জানানো হবে।
আরও পড়ুন
- জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
- সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘সরি, সরি’ বলে মঞ্চ ছাড়লেন এনসিপি নেতা
- বিলুপ্ত প্রজাতির গাছ বাচাঁতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ
- মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের রাজনৈতিক সভা, এলাকাবাসীর নিন্দা
- বেইজিংয়ে বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর
- বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
- মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থা স্থিতিশীল : আফরোজা আব্বাস