প্রকাশ্যে ক্ষমা না চাইলে ঢাকা-১৭ জামায়াত প্রার্থীকে ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণার দাবি
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০৬:৪৪ পিএম | আপডেট: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০৬:৪৪ পিএম
ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টাকালে দায়িত্বরত নিরাপত্তা সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ঢাকা-১৭ আসনের জামায়াতের প্রার্থী স ম খালিদুজ্জামানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাকে ক্যান্টনমেন্ট এলাকায় অবাঞ্ছিত (পারসোনা নন গ্রাটা) ঘোষণার দাবি জানিয়েছে সংগঠনটি।
এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাইফুল্লাহ খান সাইফ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সংগঠনটি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে, একটি রাজনৈতিক দলের ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রার্থী খালিদুজ্জামান ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টা করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা সদস্যরা তাকে বাধা দিলে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং সেনা সদস্যদের উদ্দেশে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের বক্তব্য ও আচরণ সামরিক বাহিনীর মনোবল, মর্যাদা এবং রাষ্ট্রীয় শৃঙ্খলার ওপর সরাসরি আঘাত। এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
সংগঠনটি আরও জানায়, রাজনৈতিক পরিচয় কখনোই কাউকে সংবিধান ও আইনের ঊর্ধ্বে অবস্থান দেওয়ার সুযোগ দেয় না। ক্যান্টনমেন্ট কোনো রাজনৈতিক প্রভাব বিস্তারের স্থান নয়; এটি একটি সংবেদনশীল রাষ্ট্রীয় নিরাপত্তা এলাকা।
বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, অভিযুক্ত প্রার্থী যদি তার আচরণের জন্য প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা না চান এবং ভবিষ্যতে এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ ও অবমাননাকর আচরণ না করার সুস্পষ্ট অঙ্গীকার না করেন, তাহলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে ক্যান্টনমেন্ট এলাকায় ‘পারসোনা নন গ্রাটা (PNG)’ ঘোষণা করার জন্য জোর দাবি জানানো হবে।
এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন জানায়, রাষ্ট্রের আইন, সামরিক বাহিনীর মর্যাদা ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে তারা কোনো ধরনের আপস করবে না।
আরও পড়ুন
- নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের মতবিনিময়
- পোস্টাল ব্যালটে ভোট দিলেন কারাবন্দিরা
- সিইসির সঙ্গে বিএনপির বৈঠক আজ
- দুই নম্বরি নয়, এবার ভোট দিয়েই জিততে হবে : ইসি সানাউল্লাহ
- আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ইইউ,কমনওয়েলথ'সহ ১৬ দেশ
- প্রবাস থেকে ভোট ছাড়াই ফেরত এলো ১১ হাজার পোস্টাল ব্যালট
- ৫০ তম বিসিএস পরীক্ষা শুরু
- পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলে ১১৮ জন