1. »
  2. জাতীয়

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:২৭ এএম | আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:২৭ এএম

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারম্যান তারেক রহমান–কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে চিফ এডভাইজর গভর্নমেন্টের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তিনি এ অভিনন্দন বার্তা দেন।

বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গণতান্ত্রিক উত্তরণের এই ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনে তারেক রহমানের প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনা দেশকে স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নেবে বলে তিনি বিশ্বাস করেন। এ সময় তিনি তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাষ্ট্রদর্শন এবং তার মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কথাও স্মরণ করেন।

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক পরিমণ্ডলে এক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে রয়েছে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণের ক্ষেত্রে সুসমন্বিত নেতৃত্ব অপরিহার্য। তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা আরও শক্তিশালী হবে।

এছাড়া, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনের সময় সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, পরিবর্তনের এই সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকা জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

পরিশেষে তিনি দেশের মানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে তারেক রহমানের সব উদ্যোগের সাফল্য কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তার প্রজ্ঞা, ধৈর্য ও দৃঢ়তা প্রার্থনা করেন।