1. »
  2. জাতীয়

বাংলাদেশের জন্মদিন আজ, সবাইকে উদযাপনের আহ্বান প্রধান উপদেষ্টার

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:২০ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:২০ এএম

বাংলাদেশের জন্মদিন আজ, সবাইকে উদযাপনের আহ্বান প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আজ নতুন বাংলাদেশের জন্মদিন। দিনব্যাপী এ জন্মদিন উৎসবের মধ্য দিয়ে উদ্‌যাপন করার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “এই নির্বাচনের মাধ্যমে যে প্রক্রিয়া শুরু হলো, এর মধ্য দিয়ে আমরা অতীতকে বর্জন করলাম—যেসব দুঃস্বপ্নময় অধ্যায় ছিল, সেগুলো সম্পূর্ণভাবে পেছনে ফেলে এলাম।”

তিনি আরও বলেন, “আজ থেকে আমরা প্রতিটি পদক্ষেপে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেলাম।”

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, “আজ সারাদিন আমরা বাংলাদেশের জন্মদিন পালন করব। আসুন, সবাই মিলে এই উৎসবে শামিল হই, আনন্দ উদ্‌যাপন করি।”

তিনি প্রার্থীদের ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “গণভোটে অংশগ্রহণের মাধ্যমে আমরা দেশকে নতুনভাবে গড়ে তুলতে পারব।”

সবশেষে তিনি বলেন, “গণভোটে অংশ নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। আজ আমার জীবনের এক মহা আনন্দের দিন, দেশবাসীর জন্যও এটি আনন্দ ও মুক্তির দিন।”