১৪ মার্চ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সোমবার, ৯ মার্চ, ২০২৬ ১২:২১ পিএম | আপডেট: সোমবার, ৯ মার্চ, ২০২৬ ১২:২৯ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৪ মার্চ সারাদেশে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় নেতাদের জন্য সরকার ঘোষিত মাসিক ভাতা কর্মসূচির উদ্বোধন করবেন।
রোববার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়-এ ধর্মমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের নির্বাচনী ইশতেহারে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি জোরদার করতে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ কর্মসূচি চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে ধাপে ধাপে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ইসমাইল জবিউল্লাহ জানান, ঈদুল ফিতরের আগেই পাইলট প্রকল্পের আওতায় সারাদেশের বিভিন্ন উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক ভাতা চালু করা হবে। প্রথম পর্যায়ে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা থেকে একটি করে মোট ৪ হাজার ৯০৮টি মসজিদকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।
এ ছাড়া প্রতিটি উপজেলা থেকে দুটি করে মোট ৯৯০টি মন্দির, ৭২টি উপজেলায় অবস্থিত বৌদ্ধ বিহার থেকে দুটি করে মোট ১৪৪টি বৌদ্ধ বিহার এবং ১৯৮টি উপজেলায় দুটি করে মোট ৩৯৬টি গির্জা এই পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই কর্মসূচির আওতায় প্রতিটি মসজিদের ইমামকে মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিনকে ৩ হাজার টাকা এবং খাদেমকে ২ হাজার টাকা করে দেওয়া হবে। অর্থাৎ একটি মসজিদের জন্য মাসিক মোট ১০ হাজার টাকা বরাদ্দ থাকবে।
অন্যদিকে মন্দিরের পুরোহিত পাবেন ৫ হাজার টাকা এবং সেবায়িত পাবেন ৩ হাজার টাকা। বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পাবেন ৫ হাজার টাকা ও উপাধ্যক্ষ পাবেন ৩ হাজার টাকা। গির্জার যাজক পাবেন ৫ হাজার টাকা এবং সহকারী যাজক পাবেন ৩ হাজার টাকা করে। অর্থাৎ প্রতিটি মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারের জন্য মাসিক ৮ হাজার টাকা বরাদ্দ থাকবে।
এ ছাড়া উৎসব ভাতা হিসেবেও ব্যবস্থা রাখা হয়েছে। ঈদুল ফিতর ও ঈদুল আজহায় সংশ্লিষ্ট ব্যক্তিরা পাবেন এক হাজার টাকা করে। আর দুর্গাপূজা, বুদ্ধ পূর্ণিমা ও বড়দিনে সংশ্লিষ্ট পুরোহিত, সেবায়িত, বিহার অধ্যক্ষ ও যাজকদের দেওয়া হবে দুই হাজার টাকা করে।
তিনি জানান, এই কর্মসূচি বাস্তবায়নে চলতি অর্থবছরে প্রায় ২৭ কোটি ১৩ লাখ টাকা প্রয়োজন হবে। আগামী ১৫ মার্চের মধ্যে নির্বাচিত উপকারভোগীদের কাছে সোনালী ব্যাংক-এর মাধ্যমে ভাতার অর্থ পাঠানো হবে।
ইসমাইল জবিউল্লাহ বলেন, এই অর্থ সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হবে, হাতে হাতে কোনো অর্থ দেওয়া হবে না। এতে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং দুর্নীতির সুযোগ থাকবে না।
আরও পড়ুন
- দেশে পৌঁছেছে যুদ্ধে নিহত আহমেদ আলীর মরদেহ
- হাদি হত্যা মামলার আসামি ফয়সালসহ দুজনকে দ্রুত দেশে ফেরানো হবে: আইজিপি
- হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর শেষ কথা ছিলো ‘নিজের আর আমার পরিবারের খেয়াল রেখ’ : আতিকুর রহমান রুমন
- ৫৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি
- বেগম খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান
- জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা সরকারের নেই : জ্বালানি মন্ত্রী
- পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী