সিংগাইর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, গাফলতি করলেই বিভাগীয় ব্যবস্থা
শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ০৫:৫৭ পিএম | আপডেট: শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ০৫:৫৭ পিএম
স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বলেছেন, জনগণের স্বাস্থ্য সেবায় গাফিলতি কিংবা কোন ধরনের অনিয়ম করলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শনিবার (১৪ মার্চ) সকালে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন এবং সিংগাইর পৌরসভার মশক নিধন ও পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এই হুশিয়ারী উচ্চারণ করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসকদের যথা সময়ে উপস্থিতি ও কাঙ্খিত সেবা দান নিশ্চিত করতে হবে। হাসপাতালে চিকিৎসা সেবার মান উন্নতি করতে হবে। রোগী সাধারণ যেন কোন ধরনের হয়রানীর শিকার না হয় সেদিকে দায়িত্বশীলদের সর্বদা সতর্ক থাকতে হবে। সরকারি ডাক্তাররা যেন তাদের মালিকানাধীন প্রাইভেট হাসপাতালে রোগীদের ভাগাইয়া নিয়ে যেতে না পারে সেদিকেও সকলের চোখ রাখতে হবে।
তিনি বলেন, উপজেলা পর্যায়ে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার উদ্যোগ নিয়েছে। গ্রামীন জনগোষ্ঠীর দোরগোড়ায় যাতে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া যায় সেই পরিকল্পনা নিয়েই সরকার এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে সরকার নতুন করে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে ।
উল্লেখ্য, সরকারি ছুটির দিন শনিবার সকাল সাড়ে ৮টার দিকে স্বাস্থ্যমন্ত্রী সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হন। তিনি হাসপাতালে এসে চিকিৎসকদের উপস্থিতি, রোগীদের সেবার মান, ওষুধ সরবরাহ এবং হাসপাতালের পরিবেশ পরিদর্শন করেন।
এ সময় হাসপাতালের অনেক জায়গায় নোংরা পরিবেশ এবং নির্ধারিত সময়ে কয়েকজন চিকিৎসকের অনুপস্থিতি দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনের সময় তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সঙ্গে হাসপাতালের আশপাশে সক্রিয় দালালদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
এসময় ইউএনও খাইরুন নাহার, এসি ল্যান্ড হাবিল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাফসান রেজা, ওসি মাজহারুল ইসলাম, স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা কর্মচারী ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী
- আমি যেন বাবার স্বপ্ন পূরণ করতে পারি : বিমানমন্ত্রী
- আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
- স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
- আজ থেকে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী তারেক রহমান
- সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিস্টার কায়সার কামাল