জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শনিবার, ২১ মার্চ, ২০২৬ ০৯:৫৪ এএম | আপডেট: শনিবার, ২১ মার্চ, ২০২৬ ০৯:৫৪ এএম
রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এ জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে অংশ নেন।
শনিবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই জামাতের মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় ঈদগাহে কোনো পুরুষ প্রধানমন্ত্রী ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করলেন।
সর্বশেষ ১৯৮৯–৯০ সালে কাজী জাফর আহমদ পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিন দশকের বেশি সময় ধরে নারী প্রধানমন্ত্রীদের নেতৃত্বে সরকার পরিচালিত হওয়ায় এ ধরনের অংশগ্রহণ দেখা যায়নি।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদের প্রধান জামাতে অংশগ্রহণকে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক দিক থেকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এর আগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ এবং নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে জাতীয় ঈদগাহের জামাতে অংশ নিয়েছিলেন। তবে ১৯৯০ সালের পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী এখানে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন।
প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। নামাজ শেষে খুতবা অনুষ্ঠিত হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ঈদের নামাজকে ঘিরে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মুসল্লিরা ঈদগাহমুখী হন। জামাত শুরুর প্রায় দুই ঘণ্টা আগে থেকেই কঠোর নিরাপত্তার মধ্যে মুসল্লিদের প্রবেশ শুরু হয়। পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে সারিবদ্ধভাবে মুসল্লিদের প্রবেশ করতে দেখা যায়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়। জামাতে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, রাজনৈতিক নেতা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
নারীদের জন্য পৃথক প্রবেশপথ, অযু ও নামাজের ব্যবস্থা রাখা হয়। এছাড়া মেডিকেল টিম ও পর্যাপ্ত অযুখানার সুবিধাসহ প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়, যার মধ্যে প্রায় সাড়ে তিন হাজার নারী মুসল্লির জন্য নির্ধারিত ছিল।
আরও পড়ুন
- বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
- ঈদের দিন বন্ধ মেট্রোরেল চলাচল
- জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির জন্য সব প্রস্তুতি সম্পন্ন, জামাত সকাল সাড়ে ৮টায়
- ঈদের ছুটিতেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আজ থেকে শুরু সাত দিনের সরকারি ছুটি