1. »
  2. খেলার মাঠ

বিশ্বকাপের জন্য এক মাস আগেই স্কুল ছুটি, তীব্র সমালোচনা

শনিবার, ৯ মে, ২০২৬ ১১:৩০ এএম | আপডেট: শনিবার, ৯ মে, ২০২৬ ১১:৩০ এএম

বিশ্বকাপের জন্য এক মাস আগেই স্কুল ছুটি, তীব্র সমালোচনা

আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে মেক্সিকো নির্ধারিত সময়ের চল্লিশ দিন আগেই শিক্ষাবর্ষ শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। 

শুক্রবার দেশটির শিক্ষামন্ত্রী মারিও ডেলগাডো এই ঘোষণা দিলে সারা দেশে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

শিক্ষামন্ত্রী জানান, বিশ্বকাপের প্রস্তুতি এবং কয়েকটি রাজ্যে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে আগামী ৫ জুনের মধ্যে শিক্ষাবর্ষ শেষ করা হবে। তবে এর ক্ষতি পোষাতে আগামী শিক্ষাবর্ষ কিছুটা এগিয়ে আনার বিষয়টিও বিবেচনা করছে কর্তৃপক্ষ। বর্তমান পরিকল্পনা অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষ ৩১ আগস্ট শুরু হওয়ার কথা।

উল্লেখ্য, আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপ।

তবে দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম এই ঘোষণাকে এখনো চূড়ান্ত বলতে নারাজ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিষয়টি এখনো কেবল একটি প্রস্তাব এবং শিশুরা যাতে পড়াশোনায় পিছিয়ে না পড়ে সেটি নিশ্চিত করা জরুরি।

এই সিদ্ধান্তে হতভম্ব হয়ে পড়েছেন অভিভাবকেরা। টানা তিন মাসের দীর্ঘ গ্রীষ্মকালীন ছুটিতে সন্তানদের দেখাশোনার জন্য আলাদা ব্যবস্থা করতে হবে তাদের, বাড়বে বাড়তি খরচও। 

পাবলিক পলিসি থিঙ্কট্যাংক 'মেক্সিকো ইভালুয়া' সতর্ক করে বলেছে, এই সিদ্ধান্তে দুই কোটি চৌত্রিশ লাখেরও বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে এবং বিদ্যমান শিক্ষা বৈষম্য আরো বাড়বে। ব্যবসায়ী সংগঠন 'কোপারমেক্স' একে 'হঠকারী' সিদ্ধান্ত আখ্যা দিয়ে বলেছে, এতে কর্মজীবী পরিবারগুলোর দৈনন্দিন জীবনে বিশৃঙ্খলা তৈরি হবে।

এদিকে বিরোধী-শাসিত পশ্চিমাঞ্চলীয় রাজ্য জালিসকো এই সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানিয়েছে। সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আগের সূচি অনুযায়ী ৩০ জুন পর্যন্ত স্কুল চালু রাখবে। তবে রাজ্যের গুয়াদালাহারা শহরে বিশ্বকাপের যে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে, কেবল সেই চার দিন বিদ্যালয় বন্ধ রাখা হবে।