1. »
  2. খেলার মাঠ

নেইমার সেরাদের একজন, তাকে বিশ্বকাপে দেখতে চাই : মেসি

শনিবার, ৯ মে, ২০২৬ ০২:২৪ পিএম | আপডেট: শনিবার, ৯ মে, ২০২৬ ০২:২৪ পিএম

নেইমার সেরাদের একজন, তাকে বিশ্বকাপে দেখতে চাই : মেসি

আসন্ন বিশ্বকাপে ব্রাজিলের দলে নেইমারের জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকলেও পুরনো বন্ধুর পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। নেইমারকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় আখ্যা দিয়ে তাঁকে বিশ্বকাপে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।

পডকাস্ট অনুষ্ঠান 'লো দেল পোলো শো'তে মেসি বলেন, সেরা খেলোয়াড়দের বিশ্বকাপে থাকা উচিত। ফর্মে থাকুক বা না থাকুক, নেইমার সব সময়ই সেরাদের কাতারে। ব্রাজিল ও বিশ্ব ফুটবলে তাঁর যে গুরুত্ব, তাতে বিশ্বকাপে তাঁকে দেখাটা হবে দারুণ ব্যাপার।

তবে নিরপেক্ষ মতামত দিতে পারছেন না বলে স্বীকার করেছেন মেসি। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় এবং ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত পিএসজিতে একসঙ্গে খেলেছেন দুই বন্ধু। মেসির ভাষায়, নেইমার তাঁর বন্ধু, তাই স্বাভাবিকভাবেই তিনি চাইবেন বন্ধু বিশ্বকাপে থাকুক। মানুষ হিসেবে নেইমার যেমন, তাতে তাঁর সঙ্গে ভালো কিছু হওয়াই প্রাপ্য।

নেইমারের ব্যক্তিত্বের প্রশংসা করে মেসি আরও বলেন, তিনি অত্যন্ত হাসিখুশি ও সহজ-স্বাভাবিক একজন মানুষ। অনুভবের বাইরে কোনো অভিনয় নেই তাঁর মধ্যে।

এদিকে এবারের বিশ্বকাপে ফেভারিট হিসেবে স্পেন ও ফ্রান্সকে এগিয়ে রাখছেন মেসি। ব্রাজিলকেও দাবিদারের তালিকায় রেখেছেন তিনি। তবে আর্জেন্টিনা প্রসঙ্গে বলেন, প্রতিটি টুর্নামেন্টে আর্জেন্টাইনদের মতো তাঁরও আশা থাকে, কিন্তু স্বীকার করতেই হবে যে বর্তমানে কিছু দল তাদের চেয়ে ভালো অবস্থানে রয়েছে।