1. »
  2. খেলার মাঠ

মুশফিকের সেঞ্চুরিতে দ্বিতীয় টেস্টে শক্ত অবস্থানে বাংলাদেশ

সোমবার, ১৮ মে, ২০২৬ ০৩:৫৮ পিএম | আপডেট: সোমবার, ১৮ মে, ২০২৬ ০৩:৫৮ পিএম

মুশফিকের সেঞ্চুরিতে দ্বিতীয় টেস্টে শক্ত অবস্থানে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে তৃতীয় ইনিংসে ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিকুর রহিম। এই সেঞ্চুরির মধ্য দিয়ে তিনি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হিসেবে নিজের নাম লেখালেন। তার এই অনবদ্য ইনিংসে প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭১ রানের বিশাল লিড নিয়ে ম্যাচে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ।

এর আগে তৃতীয় দিনের শুরুতেই অধিনায়ক শান্তকে হারিয়ে চাপে পড়ে দল। তবে মুশফিক ও লিটনের মধ্যে ১২৩ রানের দারুণ জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

এরপর মেহেদি মিরাজকে নিয়ে আরও ৩৪ রান যোগ করেন মুশফিক। মিরাজ খুররাম শাহজাদের বলে বোল্ড হলে তাইজুলকে সঙ্গী করে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন এই অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে ২৭৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ ১২৬ রানের চমৎকার ইনিংস খেলেন লিটন কুমার দাস। জবাবে দ্বিতীয় ইনিংসে বাবর আজমের ৬৮ রানের সুবাদে ২০০ রান পেরিয়ে যায় পাকিস্তান। বোলিংয়ে নাহিদ রানা ও তাইজুল ৩টি করে এবং তাসকিন ও মিরাজ ২টি করে উইকেট শিকার করেন।

প্রসঙ্গত, সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ, যা ছিল ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ইতিহাসের প্রথম টেস্ট জয়।