পিএসজির শিরোপা উদযাপনে ফ্রান্সজুড়ে তাণ্ডব, গ্রেপ্তার ৪০০ ছাড়িয়েছে
রবিবার, ৩১ মে, ২০২৬ ১০:২৪ এএম | আপডেট: রবিবার, ৩১ মে, ২০২৬ ১০:২৪ এএম
চ্যাম্পিয়নস লিগ জেতার আনন্দ উদযাপন রূপ নিল সহিংসতায়। আর্সেনালকে হারিয়ে পিএসজির ঐতিহাসিক শিরোপা জয়ের পর ফ্রান্সজুড়ে ফুটবল সমর্থক ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। রোববার ভোর পর্যন্ত ৪১৬ জনকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ, যার মধ্যে শুধু প্যারিসেই আটক হয়েছেন ২৮০ জন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ এলাকায় হাজার হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হলেও বিশৃঙ্খলা ঠেকানো যায়নি। সংঘর্ষের ঘটনায় সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
ভিডিও ফুটেজে দেখা যায়, প্যারিসের রাস্তায় আতশবাজি ও ফ্লেয়ার জ্বালানো হচ্ছে, ইলেকট্রিক বাইকে আগুন দেওয়া হচ্ছে এবং একটি দোকানের শোকেস ভাঙচুর করা হয়েছে। পুলিশের হিসাবে অন্তত ছয়টি যানবাহন, দুটি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বাস শেল্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। সহিংসতার প্রভাব পড়েছে দেশটির গণপরিবহন ব্যবস্থায়ও।
ঐতিহ্যবাহী চ্যাম্পস-এলিসে অ্যাভিনিউ মুহূর্তেই ভরে ওঠে হাজারো উচ্ছ্বসিত সমর্থকে। এর আগে পার্ক দে প্রিন্স স্টেডিয়ামে বড় পর্দায় খেলা দেখার সময়ও দফায় দফায় উত্তেজনার সৃষ্টি হয়।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনেজ পুরো ঘটনাকে 'সম্পূর্ণ অগ্রহণযোগ্য' বলে নিন্দা জানিয়েছেন। কট্টর ডানপন্থী নেত্রী মেরিন লে পেন তীব্র সমালোচনা করে বলেন, শুধু ফ্রান্সেই জয়ের রাতেও মানুষকে ঘরে তালা দিয়ে থাকতে হয়।
তবে এই অন্ধকারের মধ্যেও আনন্দের আয়োজন অব্যাহত রয়েছে। রোববার বিকেলে আইফেল টাওয়ারের পাশে শঁ দ্য মার্স এলাকায় পিএসজি খেলোয়াড়দের বিজয় মিছিল এবং পরে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পক্ষ থেকে সংবর্ধনার কথা রয়েছে।
উল্লেখ্য, গত বছরও পিএসজির ইউরোপীয় শিরোপা জয়ের উদযাপনে সহিংসতায় দুইজন নিহত হয়েছিলেন, যার মধ্যে একজন ছিলেন ১৭ বছরের কিশোর।
আরও পড়ুন
- বিশ্বকাপ মাঠেও ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, কড়া হুঁশিয়ারি ইরানের
- তিন লাল কার্ডের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল মেক্সিকো
- শূন্য রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে অস্ট্রেলিয়া, স্বপ্নের শুরু বাংলাদেশের
- মেসি-ম্যাজিক, আইসল্যান্ডকে ৩-০ গোলে বিধ্বস্ত করল আর্জেন্টিনা
- ফিফার জাদুঘরে বাংলাদেশের জার্সি
- জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, বৃষ্টির বাগড়ায় ম্যাচ স্থগিত
- শেষ মুহূর্তে দলে বড় পরিবর্তন আনল ব্রাজিল
- বিশ্বকাপের আগের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার দুর্দান্ত জয়