জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, বৃষ্টির বাগড়ায় ম্যাচ স্থগিত
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ০৭:৫৬ পিএম | আপডেট: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ০৭:৫৬ পিএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্সে জয়ের খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত বৃষ্টির কারণে খেলা স্থগিত হয়েছে। অস্ট্রেলিয়ার পরাজয় যখন প্রায় নিশ্চিত, ঠিক তখনই প্রকৃতির বাধায় থেমে যায় ম্যাচ।
মঙ্গলবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জস ইংলিস। দীর্ঘ চার বছর পর দলে ফিরে সুযোগ পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকত ব্যাট-বল ও ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ম্যাচের অন্যতম নায়ক হয়ে ওঠেন।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ৫ রান করে নাথান এলিসের বলে আউট হন সাইফ হাসান। এরপর তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত ৯৬ রানের জুটি গড়ে দলকে ঘুরে দাঁড়ানোর মঞ্চ তৈরি করেন। দলীয় ১০৬ রানে এলিসের বলে ক্যারিয়ারের সপ্তম অর্ধশতক করে বিদায় নেন তামিম।
এরপর ১২৫ রানে লিটন দাস আউট হলে এবং ১৪০ রানে ৬৭ রান করা শান্ত ফিরে গেলে কিছুটা চাপে পড়ে টাইগাররা। তবে মোসাদ্দেক ও মাহমুদুল হাসান হৃদয়ের ৭৫ রানের জুটিতে দুইশ পেরোয় বাংলাদেশ। হৃদয় ৩১ রান করে ফিরলেও শেষদিকে একাই দায়িত্ব কাঁধে তুলে নেন মোসাদ্দেক। ৭০ বলে অপরাজিত ৮৬ রানের ঝড়ো ইনিংসে দলকে বড় সংগ্রহ এনে দেন তিনি।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম বলেই তাসকিন আহমেদের বলে বোল্ড হয়ে ফেরেন ওপেনার ম্যাথিউ শর্ট। পরের ওভারেই মুস্তাফিজুর রহমান ফেরান মার্নাস ল্যাবুশেনকে।
অধিনায়ক ইংলিস ও কোনোলি মিলে ৪৯ রানের জুটি গড়লেও দলীয় ৫১ রানে ইংলিসের বিদায়ে তৃতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর অ্যালেক্স ক্যারি ও ক্রিস গ্রিন কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা।
আইপিএল শেষে দলে ফেরা ক্রিস গ্রিন ব্যক্তিগত অর্ধশতক পূরণ করলেও তা দলকে ম্যাচে ফেরাতে যথেষ্ট বলে মনে হচ্ছে না। অস্ট্রেলিয়ার স্কোর যখন ১৯১ রানে ৯ উইকেট, ঠিক তখনই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।
বাংলাদেশের পক্ষে নাহিদ রানা দুর্দান্ত বোলিং করে ১০ ওভারে ৪টি উইকেট নেন। এছাড়া মুস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন নেন ২টি করে উইকেট এবং তাসকিন আহমেদ শিকার করেন ১টি উইকেট।
সব মিলিয়ে জয়ের একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের সামনে শেষ পর্যন্ত বড় বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। খেলার জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের তথ্য অনুযায়ী, ম্যাচটি আর মাঠে না গড়ালে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে বাংলাদেশ ৮৬ রানে বিজয়ী হবে।
আরও পড়ুন
- ফিফার জাদুঘরে বাংলাদেশের জার্সি
- শেষ মুহূর্তে দলে বড় পরিবর্তন আনল ব্রাজিল
- বিশ্বকাপের আগের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার দুর্দান্ত জয়
- ঢাকায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল
- বকেয়া পারিশ্রমিকের দাবিতে ম্যাচ বয়কট, ওয়াকওভার পেল অগ্রণী ব্যাংক
- চার বছর পর ওয়ানডে দলে মোসাদ্দেক, ফিরলেন সোহানও
- যোগ করা সময়ে সাগরিকার গোল, টানা তৃতীয় সাফ ফাইনালে বাংলাদেশ
- এলপিএলে ৫ বাংলাদেশি ক্রিকেটার, জাফনায় সাকিব-তাসকিন