1. »
  2. খেলার মাঠ

বিশ্বকাপ মাঠেও ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, কড়া হুঁশিয়ারি ইরানের

শুক্রবার, ১২ জুন, ২০২৬ ০২:২৯ পিএম | আপডেট: শুক্রবার, ১২ জুন, ২০২৬ ০২:২৯ পিএম

বিশ্বকাপ মাঠেও ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, কড়া হুঁশিয়ারি ইরানের

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা থামছেই না। এবার মাঠে নামার আগেই কড়া বার্তা দিল ইরান। স্টেডিয়ামে অস্বীকৃত পতাকা প্রদর্শন বা জাতীয় দলের বিরুদ্ধে স্লোগান দেওয়া হলে তৎক্ষণাৎ ম্যাচ বন্ধ করে দেওয়ার আবেদন জানানো হবে বলে সাফ জানিয়ে দিয়েছে তারা।

ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামাল বলেছেন, "আমরা ফিফাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি, কোনো ধরনের অস্বীকৃত পতাকা আনা হলে বা ইরান মাঠে খেলার সময় জাতীয় দলের বিরুদ্ধে স্টেডিয়ামে কোনো স্লোগান দেওয়া হলে, দলের কোচ ম্যাচ বন্ধ করে দেওয়ার অনুরোধ করবেন।"

বিশ্বকাপ শুরুর কয়েক মাস আগে থেকেই সামরিক সংঘাত চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। পরিস্থিতি এতটাই জটিল যে ইরান দল মেক্সিকোতে অবস্থান করছে এবং যুক্তরাষ্ট্রে কেবল ম্যাচ খেলে ফিরে আসছে। এমনকি ইরানের অনেক সমর্থক ম্যাচ দেখতে যাওয়ার ভিসাও পাননি।

মিশরের বিরুদ্ধে সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচকে 'গর্বের ম্যাচ' বলে ঘোষণা করেছে ইরান। দোনিয়ামাল জানিয়েছেন, সেই ম্যাচে কোনো বিরূপ ঘটনা না ঘটে সে বিষয়ে আয়োজকদের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। এর আগে ইরান প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগামী ১৫ জুন, এরপর বেলজিয়ামের মুখোমুখি হবে তারা।

সূত্র: আনন্দবাজার