1. »
  2. খেলার মাঠ
বিশ্বকাপে ঢুকতে না পেলেও

পূর্ণ পারিশ্রমিক পাবেন সোমালিয়ান রেফারি আরতান

সোমবার, ১৫ জুন, ২০২৬ ০৫:৪৬ পিএম | আপডেট: সোমবার, ১৫ জুন, ২০২৬ ০৫:৪৬ পিএম

পূর্ণ পারিশ্রমিক পাবেন সোমালিয়ান রেফারি আরতান

বিশ্বকাপ ফুটবলের ম্যাচ পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েও প্রবেশের অনুমতি না পাওয়া সোমালিয়ার রেফারি ওমর আবদুল কাদির আরতানকে টুর্নামেন্টের পূর্ণ পারিশ্রমিক দেবে ফিফা। 

আজ সোমবার (১৫ জুন) রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আফ্রিকার অন্যতম সেরা রেফারি হিসেবে পরিচিত ৩৪ বছর বয়সী আরতান গত ৬ জুন ইস্তাম্বুল থেকে মিয়ামিতে পৌঁছান। তবে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) তাকে দেশে প্রবেশের অনুমতি না দিয়ে ফেরত পাঠায়। দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে আরতান জানান, মিয়ামি বিমানবন্দরে প্রায় ১১ ঘণ্টা আটক রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রশ্নগুলোর বেশিরভাগই ছিল যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশ্য, সোমালিয়ার রাজনৈতিক পরিস্থিতি এবং জঙ্গি গোষ্ঠী আল-শাবাবকে ঘিরে।

সিবিপি এক বিবৃতিতে জানায়, তথ্য যাচাই ও প্রবেশযোগ্যতা নির্ধারণের জন্য অতিরিক্ত পরিদর্শন নিয়মিত প্রক্রিয়ার অংশ। পরিদর্শন শেষে নিরাপত্তা যাচাই-সংক্রান্ত উদ্বেগের কারণে আরতানকে প্রবেশের অযোগ্য বিবেচনা করা হয়। তবে হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু গিউলিয়ানি দাবি করেন, 'খুবই যৌক্তিক' একটি কারণে আরতানকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে — যদিও বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।

আরতানকে ফেরত পাঠানোর সিদ্ধান্তে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। কূটনৈতিক ভিসায় ভ্রমণ করা সত্ত্বেও একজন ফিফা কর্মকর্তার এমন পরিস্থিতির মুখোমুখি হওয়াকে অনেকেই অযৌক্তিক ও অতিরিক্ত কঠোর পদক্ষেপ বলে সমালোচনা করেন এবং ফিফার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন।

ওমর আরতান ২০২৫ সালে কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবলের বর্ষসেরা রেফারি নির্বাচিত হন। দুটি আফ্রিকা কাপ অব নেশনসে দায়িত্ব পালন করা এই রেফারি গত বছর প্রথমবারের মতো বড় মহাদেশীয় ফাইনাল পরিচালনা করেন। যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা পাওয়ার পর ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা তাকে আগামী ১২ আগস্ট অস্ট্রিয়ার সালজবুর্গে অনুষ্ঠিতব্য উয়েফা সুপার কাপ ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে। ওই ম্যাচে মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা ও প্যারিস সেন্ট জার্মেই।