কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিল ইংল্যান্ডের
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ১০:৩৫ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ১০:৩৫ এএম
হ্যারি কেইনের জোড়া গোল, জুড বেলিংহামের দুর্দান্ত পারফরম্যান্স এবং বদলি হিসেবে নেমে মার্কাস রাশফোর্ডের গোলে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইংল্যান্ড। ডালাসে অনুষ্ঠিত গ্রুপ 'এল'-এর রোমাঞ্চকর এই ম্যাচে আক্রমণাত্মক ফুটবলে প্রাপ্য জয়ই তুলে নেয় থমাস টুখেলের শিষ্যরা।
ম্যাচে জোড়া গোল করে ব্যক্তিগত বড় একটি মাইলফলক স্পর্শ করেছেন ইংল্যান্ড অধিনায়ক। বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা এখন ১০, যা ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্রাইকার গ্যারি লিনেকারের বিশ্বকাপ গোলের রেকর্ডের সমান।
শুরু থেকেই আক্রমণের ধার দেখায় ইংল্যান্ড। পেনাল্টি থেকে প্রথম শট ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ, তবে নিয়মভঙ্গের কারণে পুনরায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি। দ্বিতীয় সুযোগে ভুল করেননি কেইন। তবে ৩৬তম মিনিটে মার্টিন বাতুরিনার দূরপাল্লার দুর্দান্ত শটে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। বিরতির আগে কর্নার থেকে শক্তিশালী হেডে নিজের দ্বিতীয় গোল করে ফের এগিয়ে যান কেইন — সেই গোলেই লিনেকারের রেকর্ড স্পর্শ করেন তিনি। যোগ করা সময়ে পেতার মুসার গোলে আবার সমতায় ফিরে ক্রোয়েশিয়া — ২-২ নিয়ে বিরতিতে যায় দুই দল।
বিরতির পরপরই খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় ইংল্যান্ড। ৪৬তম মিনিটে বেলিংহামের অসাধারণ গোলে আবারও এগিয়ে যায় তারা। এরপর একের পর এক আক্রমণে ক্রোয়েশিয়ার রক্ষণে চাপ দিতে থাকে ইংলিশরা। কেইন, ডেকলান রাইস ও ফিল ফোডেনদের একাধিক প্রচেষ্টা ঠেকিয়ে প্রতিরোধ গড়েন লিভাকোভিচ। তবে ৮৫তম মিনিটে রাশফোর্ডের গোলে সেই প্রতিরোধও ভেঙে পড়ে, নিশ্চিত হয় ইংল্যান্ডের জয়।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই আক্রমণভাগের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে ইংল্যান্ড। কেইনের রেকর্ড স্পর্শ ও বড় জয় — দুটো মিলিয়ে টুর্নামেন্টের বাকি পথচলার জন্য বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠ ছেড়েছে থ্রি লায়ন্সরা।
আরও পড়ুন
- স্টেডিয়ামে বসে ছেলের বিশ্বকাপ ম্যাচ দেখবেন ভোজিনহার মা
- হ্যাটট্রিকের রাতে বাবার অসুস্থতায় কেঁদেছিলেন মেসি
- ড্র-র গ্লানি নিয়ে মাঠ ছাড়ল পর্তুগাল
- প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশ
- রাতে কঙ্গোর বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করছে পর্তুগাল
- এক ম্যাচেই মেসির যত রেকর্ড
- বিশ্বকাপে ইংল্যান্ডকে সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী
- পূর্ণ পারিশ্রমিক পাবেন সোমালিয়ান রেফারি আরতান