বাংলাদেশের সামনে আজ বাঁচা-মরার লড়াই
শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ১০:১৮ এএম | আপডেট: শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ১০:১৮ এএম
প্রথম টি-টোয়েন্টিতে যেন অন্য এক বাংলাদেশকে দেখল ক্রিকেট বিশ্ব। ওয়ানডে সিরিজের সেই দাপট আর আত্মবিশ্বাসের ছিটেফোঁটাও মিলল না চট্টগ্রামে। অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই জমাতে না পারার ফল—সিরিজ হাতছাড়া হওয়ার মুখে।
আজ শুক্রবার তাই অস্তিত্বের লড়াইয়ে নামতে হচ্ছে টাইগারদের। জিততে হবে, নইলে শেষ হয়ে যাবে সিরিজ জয়ের স্বপ্ন। প্রশ্ন একটাই—খাঁদের কিনার থেকে ফিরতে পারবে কি বাংলাদেশ?
বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।
শেষ দুই টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত থাকার রেকর্ড নিয়ে মাঠে নামা বাংলাদেশের জন্য পরিস্থিতি এখন কঠিন পরীক্ষা। প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়া দেখিয়ে দিয়েছে তাদের শক্তির গভীরতা, যা ভাবিয়ে তুলেছে লিটন দাস বাহিনীকে।
ব্যাটিংয়েও ছিল না স্বস্তি। তাওহীদ হৃদয়, সৌম্য সরকারদের মতো ব্যাটাররা থিতু হয়েও দায়িত্বহীনভাবে আউট হয়েছেন। পুরো বিশ ওভার ব্যাটও করতে পারেনি দল, কোনোরকমে পার করেছে তিন অঙ্কের ঘর।
বড় ম্যাচের আগে বৃহস্পতিবারটা বিশ্রামেই কাটিয়েছেন ক্রিকেটাররা। কেউ সময় দিয়েছেন জিমে, কেউ আবার সুইমিংপুলে গা ভিজিয়ে চাঙা করেছেন শরীর।
দলের জন্য বড় স্বস্তির খবর—অধিনায়ক লিটন দাসের ফেরা। কাফ মাসলের চোটে প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি, নেতৃত্ব সামলেছিলেন তাওহীদ হৃদয়। আজ লিটনের মাঠে ফেরার সম্ভাবনা প্রবল, যা ব্যাটিং অর্ডার ও দলীয় ভারসাম্যে আনতে পারে নতুন গতি। স্বাভাবিকভাবেই একাদশেও দেখা যেতে পারে রদবদল।
উল্টো ছবি অস্ট্রেলিয়া শিবিরে। বড় তারকাদের নিয়ে গড়া দলটি আত্মবিশ্বাসে টগবগ করছে। প্রথম ম্যাচে ১৩১ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় ১০ বল হাতে রেখেই, জয় তুলে নেয় ৪ উইকেটে। এখন তাদের সামনে সুযোগ—এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে ফেলার।
প্রথম ম্যাচে উইকেট ছিল কিছুটা মন্থর, বাউন্ডারিও তুলনামূলক বড়। তবে জানা গেছে, দ্বিতীয় ম্যাচে বাউন্ডারির মাপ ও পিচ প্রস্তুতিতে আসতে পারে পরিবর্তন—যাতে কিছুটা সুবিধা পেতে পারেন ব্যাটাররা।
চট্টগ্রামের উইকেট চিরচেনাভাবেই স্পিন সহায়ক। ফলে শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেনের কাঁধে থাকবে বাড়তি দায়িত্ব—অস্ট্রেলিয়ার ছন্দে ফাটল ধরানোর চাবিকাঠি হতে পারেন তারাই।
ঘরের মাঠে আজ চাপ সামলে ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ, নাকি অস্ট্রেলিয়া উৎসব করবে আগেভাগেই সিরিজ জয়ের—সেই উত্তর মিলবে কিছু ঘণ্টার মধ্যেই।
আরও পড়ুন
- ডেভিডের হ্যাটট্রিক, কাতারের জোড়া লাল কার্ড, বিশ্বকাপে কানাডার প্রথম জয়
- বিশ্বকাপে প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডের টিকিট পেল মেক্সিকো
- স্টেডিয়ামে বসে ছেলের বিশ্বকাপ ম্যাচ দেখবেন ভোজিনহার মা
- হ্যাটট্রিকের রাতে বাবার অসুস্থতায় কেঁদেছিলেন মেসি
- কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিল ইংল্যান্ডের
- ড্র-র গ্লানি নিয়ে মাঠ ছাড়ল পর্তুগাল
- প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশ
- রাতে কঙ্গোর বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করছে পর্তুগাল