1. »
  2. খেলার মাঠ

বিশ্বকাপে স্কটল্যান্ড ম্যাচের আগে সুখবর পেলেন নেইমার

বুধবার, ২৪ জুন, ২০২৬ ১০:২৪ এএম | আপডেট: বুধবার, ২৪ জুন, ২০২৬ ১০:২৪ এএম

বিশ্বকাপে স্কটল্যান্ড ম্যাচের আগে সুখবর পেলেন নেইমার

দীর্ঘ আড়াই বছরের অপেক্ষার অবসান ঘটছে বিশ্বকাপের মঞ্চেই। ব্রাজিলের বিখ্যাত ১০ নম্বর জার্সি গায়ে আবারও মাঠে নামতে যাচ্ছেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারের দলে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি।

বাংলাদেশ সময় আগামীকাল বৃহস্পতিবার ভোর ৫টায় মিয়ামিতে গ্রুপ পর্বের বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের চোটের আপডেট দিতে গিয়ে ফুরফুরে মেজাজে দেখা যায় ইতালিয়ান কোচকে। তিনি জানান, নেইমার খেলার জন্য সম্পূর্ণ উপযুক্ত এবং চলতি সপ্তাহে দলের বাকিদের সঙ্গে ভালো অনুশীলন করেছেন। তাঁর মতে, নেইমারের মতো মানের একজন খেলোয়াড়ের দলে ফেরা পুরো স্কোয়াডের জন্য বড় স্বস্তির বিষয়।

নেইমারকে শুরু থেকেই খেলানো হবে কি না—এই প্রশ্নের জবাবে রসিকতার সুরে আনচেলত্তি বলেন, তিনি নিজে বুড়ো বয়সে ৯০ মিনিট হাঁটতে পারলে নেইমার অনায়াসে ৯০ মিনিট দৌড়ে খেলতে পারবেন। তিনি আরও বলেন, নেইমার মাঠে না নামলেও ডাগআউটে তাঁর উপস্থিতি ও অভিজ্ঞতা দলের তরুণ খেলোয়াড়দের মানসিকভাবে এগিয়ে রাখবে।

সবশেষ ২০২৩ সালের ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন নেইমার। মন্টেভিদেওর সেই ম্যাচে গুরুতর চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়ার পর কেটে গেছে ৯৮০ দিন। চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে থাকা ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য এটিই শেষ বিশ্বকাপ। তাঁর ফেরা নিয়ে পুরো ব্রাজিল ক্যাম্পে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে হারিয়ে নকআউট পর্বের পথ সচল রেখেছে ব্রাজিল। তবে স্কটল্যান্ড ম্যাচে গ্যালারির দর্শকদের বড় দাবি রিয়াল মাদ্রিদের নতুন সেনসেশন এনড্রিককে খেলানোর। এ প্রসঙ্গে মজা করে আনচেলত্তি বলেন, ভক্তরা এনড্রিকের জন্য পাগল হলেও আগামীকাল স্কোয়াডে নেইমারও থাকছেন। তাঁর ভাষায়, ভক্তরা এনড্রিক নাকি নেইমার—কাকে ছেড়ে কার জন্য চিৎকার করবেন, তা নিয়ে দ্বিধায় পড়তে পারেন। তবে দিনশেষে দুজনকেই তাঁরা সমান ভালোবাসবেন বলে বিশ্বাস এই কোচের।