1. »
  2. খেলার মাঠ

ইতিহাস গড়লেন রোনালদো, উজবেকিস্তানকে ৫ গোলে বিধ্বস্ত করল পর্তুগাল

বুধবার, ২৪ জুন, ২০২৬ ১০:৪৫ এএম | আপডেট: বুধবার, ২৪ জুন, ২০২৬ ১০:৪৫ এএম

ইতিহাস গড়লেন রোনালদো, উজবেকিস্তানকে ৫ গোলে বিধ্বস্ত করল পর্তুগাল

ইতিহাস গড়েলেন রোনালদো, উজবেকিস্তানকে ৫-০ গলে বিধ্বস্ত করল পর্তুগাল

ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে গোল করার পাশাপাশি বিশ্বমঞ্চে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা হলেন তিনি। হিউস্টনে তাঁর এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো পর্তুগাল ভক্ত-সমর্থক। 

প্রথমার্ধে জোড়া গোল করার পর রোনালদোর হ্যাটট্রিকের প্রত্যাশায় ছিলেন তাঁরা, যদিও বিশ্বকাপ ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক পাননি সিআরসেভেন। তবে বড় জয় পেয়েছে পর্তুগাল—উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে নকআউটে ওঠার পথে বড় ধাপ ফেলেছে তারা।

শুরুতেই সহজ সুযোগ নষ্ট করে পর্তুগাল। ২ মিনিটে বাঁ দিক থেকে ব্রুনো ফার্নান্দেসের উদ্দেশ্যে বক্সে বাড়ানো বল ক্লিয়ার করে দেন উজবেকিস্তানের ডিফেন্ডার। পেনাল্টি স্পটের কাছ থেকে নেওয়া রোনালদোর একটি শটও ডিফ্লেক্টেড হয়ে বারের সামান্য ওপর দিয়ে চলে যায়। পঞ্চম মিনিটে নুনো মেন্দেসের চমৎকার ক্রসে দূরের পোস্টে ফাঁকা জায়গা পেয়েও ঠিকমতো পা লাগাতে পারেননি রোনালদো।

তবে ষষ্ঠ মিনিটেই কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যান তিনি। প্রথম পুরুষ ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়েন ৪১ বছর বয়সী এই তারকা। কাছের পোস্টে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে জায়গা তৈরি করে জোয়াও কানসেলোর বাড়ানো নিচু ক্রসে দারুণ শটে পোস্টের নিচের কোণ দিয়ে বল জালে পাঠান তিনি।

১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পর্তুগাল। ফ্রি কিক থেকে নুনো মেন্দেসের বাঁ পায়ের নিচু শটে স্কোর হয় ২-০। ৩৯ মিনিটে ফার্নান্দেসের পাস ধরে ডান পায়ের আড়াআড়ি শটে দূরের পোস্ট দিয়ে জালে বল জড়ান রোনালদো। বিশ্বকাপে নিজের দশম গোল করে এদিন ইউসেবিওকে ছাড়িয়ে দেশের সর্বকালের শীর্ষ গোলদাতা হন তিনি।


মাঝে উজবেকিস্তান বক্সের বাইরে থেকে গাভিয়েনের শটে ব্যবধান কমিয়ে ২-১ করেছিল, কিন্তু বিল্ডআপে কানসেলো ফাউলের শিকার হওয়ায় ভিএআর যাচাইয়ের পর গোলটি বাতিল করেন রেফারি। প্রথমার্ধের ইনজুরি টাইমে হ্যাটট্রিকের প্রায় সুযোগ তৈরি হলেও রোনালদোর গোললাইন-চিপ শট খুশানোভ ক্লিয়ার করে দেন।

দ্বিতীয়ার্ধে জোয়াও ফেলিক্স ও রোনালদোর একাধিক সুযোগ কাজে লাগেনি, উজবেকিস্তানও কয়েকটি আক্রমণে ভয় ধরায় পর্তুগালকে। ৬০তম মিনিটে ব্রুনো ফার্নান্দেসের কর্নার থেকে ফেলিক্সের ব্যাক-হিল গোললাইনে থাকা খুসানভের গায়ে লেগে গোলকিপার আব্দুভোখিদ নেমাতভের আত্মঘাতী গোল হিসেবে জালে জড়িয়ে যায়, যাতে স্কোর হয় ৩-০। এরপর রোনালদো দুইবার হ্যাটট্রিকের কাছাকাছি পৌঁছালেও সফল হননি।

৭৭ মিনিটে শোমুরোদভের একটি সুযোগ কাজে লাগাতে পারেনি উজবেকিস্তান। শেষদিকে বদলি নেমে রাফা লেয়াও পর্তুগালের পঞ্চম গোল করেন। নেলসন সেমেদোর কাটব্যাক রোনালদোর দিকে যাওয়ার কথা থাকলেও প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে সামনে পেয়ে যান লেয়াও, আর জোরালো শটে লক্ষ্যভেদ করে ৮৭ মিনিটে স্কোর ৫-০ করেন তিনি।