প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ১১:৩৪ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ১১:৩৪ এএম
দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে স্মরণীয় জয় নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছে গেছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হারের পরও দুর্দান্ত প্রত্যাবর্তনে শেষ ৩২ নিশ্চিত করেছে বাফানা বাফানারা।
বৃহস্পতিবার (২৫ জুন) মেক্সিকোর মন্তেরেইতে ২০০২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয় ২০১০ বিশ্বকাপের স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
ম্যাচের শুরুতে আক্রমণাত্মক থাকলেও প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট করে দক্ষিণ কোরিয়া। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও বেশ কয়েকটি সহজ সুযোগ কাজে লাগাতে পারেনি।
স্কোরলাইন খুলতে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং মিন। কিন্তু তাতেও ম্যাচের চিত্র বদলাতে পারেনি এশিয়ার দলটি।
ম্যাচের ৬৩তম মিনিটে দক্ষিণ আফ্রিকার জয়সূচক গোলটি করেন থাপেলো মাসেকো। বদলি খেলোয়াড় সেপাং মোরেমির ক্রস থেকে দারুণ ফিনিশে বল জালে জড়িয়ে দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে দেন তিনি।
শেষ দিকে সমতায় ফিরতে মরিয়া চেষ্টা চালায় দক্ষিণ কোরিয়া। কিন্তু রক্ষণভাগ ও গোলরক্ষক রনওয়েন উইলিয়ামসের দৃঢ়তায় লিড ধরে রাখে দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাফানা বাফানারা।
এই জয়ে নকআউট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। আগামী ২৯ জুন রাত ১টায় শেষ ৩২-এ সহ-আয়োজক কানাডার মুখোমুখি হবে তারা।
অন্যদিকে গ্রুপে তিন ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে মেক্সিকো।
আরও পড়ুন
- স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নকআউটে প্রতিপক্ষ কোন দল
- ইতিহাস গড়লেন রোনালদো, উজবেকিস্তানকে ৫ গোলে বিধ্বস্ত করল পর্তুগাল
- বিশ্বকাপে স্কটল্যান্ড ম্যাচের আগে সুখবর পেলেন নেইমার
- নকআউট নিশ্চিত হলেও দুশ্চিন্তায় আর্জেন্টিনা
- নতুন সাজে মেসি-ডি পল
- দ্বিতীয় জয়ের লক্ষ্যে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা
- বিশ্বকাপে ইতিহাসে নিজেদের প্রথম জয় পেল মিসর
- শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন