1. »
  2. খেলার মাঠ

আর্জেন্টিনাই বিশ্বকাপের সেরা দল : জাপান কোচ

শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ১০:৪৮ এএম | আপডেট: শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ১০:৪৮ এএম

আর্জেন্টিনাই বিশ্বকাপের সেরা দল : জাপান কোচ

নকআউট পর্বে ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চমকপ্রদ মন্তব্য করেছেন জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু। তার মতে, চলতি বিশ্বকাপের সবচেয়ে ভালো খেলা দল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে একই সঙ্গে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির ভূয়সী প্রশংসা করে তিনি বিশ্বাস করেন, শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে পরের ধাপে ওঠার সুযোগও আছে তার দলের।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মোরিয়াসু বলেন, তিনি চোখ বন্ধ করে আশা করছেন এখানে অন্য কোনো দেশের সাংবাদিক নেই, কারণ তিনি ভালো খেলার বিচারে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেই বিশ্বকাপের সেরা দল বলবেন। একই সঙ্গে এ মন্তব্যের জন্য ব্রাজিলের কাছে ক্ষমাও চান তিনি।

আর্জেন্টিনাকে সেরা বললেও ব্রাজিল এবং তাদের নতুন কোচ কার্লো আনচেলত্তির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন মোরিয়াসু। 

ইতালিয়ান এই কোচের প্রসঙ্গে তিনি বলেন, চ্যাম্পিয়নস লিগে অসংখ্য সাফল্যের পাশাপাশি পাঁচটি মেজর লিগেই শিরোপা জেতা আনচেলত্তির পর্যায়ে নিজে কখনো পৌঁছাতে পারবেন না বলে মনে করেন তিনি। বিশ্বের অন্যতম সেরা দল ব্রাজিলকে নেতৃত্ব দেওয়া যে সহজ কাজ নয় এবং তার সাফল্যই প্রমাণ করে তার সামর্থ্যের কথা, সেটিও উল্লেখ করেন মোরিয়াসু।

ব্রাজিলকে বিশ্বের শীর্ষ দল মানলেও নিজেদের সম্ভাবনা নিয়ে আশাবাদী মোরিয়াসু বলেন, এই ম্যাচ দারুণ এক অভিজ্ঞতা হতে যাচ্ছে। ব্রাজিল প্রায় নির্ভুল খেলা একটি দল হলেও জয়ের ও পরের ধাপে যাওয়ার সুযোগ আছে বলে বিশ্বাস তার, এবং সেই লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে জাপান। 

আগের একটি প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারানোর কথা উল্লেখ করে তিনি বলেন, সেই কারণেই সম্ভবত ব্রাজিল এখন আরও বেশি উজ্জীবিত, এবং তিনি এই ম্যাচের জন্য উন্মুখ হয়ে আছেন।

জাপান এখন আর ব্রাজিলের জন্য সহজ প্রতিপক্ষ নয় বলেও মনে করেন মোরিয়াসু বলেন, আগে ব্রাজিলের জন্য জাপান সহজ প্রতিপক্ষ ছিল, কিন্তু সর্বশেষ প্রীতি ম্যাচের পর তা আর সত্য নয় বলে প্রমাণ হয়েছে, যা তাদের জন্য একটি সুবিধা এবং উন্নতির প্রতিফলন। ব্রাজিলকে শ্রদ্ধা করলেও পরের ম্যাচে কী হবে তা কেউ জানে না বলে মন্তব্য করে তিনি জানান, জেতার সুযোগ তাদেরও থাকবে।

এই বিশ্বকাপে গোলের নতুন রেকর্ড গড়েছে জাপান। সুইডেনের বিপক্ষে গোল করার মধ্য দিয়ে টুর্নামেন্টে তাদের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে সাতে, যা এক বিশ্বকাপে দেশটির সর্বোচ্চ। আট বছর আগে রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোয় ওঠার পথে জাপানের সর্বোচ্চ গোল ছিল ছয়টি। 

এর মধ্য দিয়ে টানা তৃতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট নিশ্চিত করল জাপান। সব মিলিয়ে এটি তাদের পঞ্চমবারের মতো শেষ ষোলোয় ওঠা, এর আগে ২০০২ সালে যৌথ আয়োজক হিসেবে প্রথমবার নকআউট পর্বে খেলেছিল দলটি।