১০ জন নিয়েও দাপট, বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোতে যুক্তরাষ্ট্র
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ১১:১২ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ১১:১২ এএম
বিশ্বকাপে বসনিয়া-হার্জেগোভিনার যাত্রা থেমে গেল প্রথম নকআউট ম্যাচেই। স্বাগতিক যুক্তরাষ্ট্র সান ফ্রান্সিসকোতে ২-০ গোলের জয়ে নিশ্চিত করেছে শেষ ষোলোর টিকিট। একজন খেলোয়াড় কম নিয়েও দারুণ পারফরম্যান্স দেখিয়েছে তারা। বাংলাদেশ সময় আগামী ৭ জুলাই বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোতে মাঠে নামবে আমেরিকানরা।
ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল যুক্তরাষ্ট্র। প্রথমার্ধে গোল না হলেও বলের দখল এবং আক্রমণে এগিয়ে ছিল তারা। ২৪ মিনিট পর্যন্ত প্রায় ৭৮ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে পুলিসিকদের দল, যদিও শটগুলো লক্ষ্যে রাখতে ব্যর্থ হয়।
প্রথমার্ধের শেষ দিকে আসে কাঙ্ক্ষিত গোল। ৪৫তম মিনিটে মালিক টিলম্যানের পাস থেকে আক্রমণ গড়ে ওঠে। বলটি ডিফেন্ডারদের গায়ে লেগে ফ্লোরিয়ান বালোগানের সামনে চলে এলে তিনি ঠান্ডা মাথায় গোল করে দলকে এগিয়ে দেন।
বিরতির পর ৫২ মিনিটে বসনিয়ার তারকা স্ট্রাইকার এডিন জেকো চোট পেয়ে মাঠ ছাড়েন। এরপরও বসনিয়া কিছুটা চাপ তৈরি করে। তবে ৬৫ মিনিটে বড় ধাক্কা খায় যুক্তরাষ্ট্র, যখন ভিএআর দেখে বালোগানকে লাল কার্ড দেখান রেফারি। ১০ জনে পরিণত হলেও দৃঢ়তা হারায়নি স্বাগতিকরা।
৭৯ মিনিটে পুলিসিক গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। তবে হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৮২ মিনিটে টিলম্যান দুর্দান্ত এক ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করেন। বক্সের বাইরে থেকে নিখুঁত শটে বল জালে জড়ান তিনি, যা ঠেকাতে পারেননি গোলরক্ষক নিকোলা ভাসিল।
এই গোলেই নিশ্চিত হয় যুক্তরাষ্ট্রের জয়। একজন কম নিয়েও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়ে দারুণ সাফল্য পায় তারা।
উল্লেখ্য, ১৯৩০ সালের বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছিল যুক্তরাষ্ট্র। এরপর তাদের সেরা সাফল্য ২০০২ সালে, যখন তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছায়।
আরও পড়ুন
- শেষ মুহূর্তের গোলে সেনেগালকে কাঁদিয়ে শেষ ষোলোতে বেলজিয়াম
- চার দশকের খরা কাটিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- নকআউটের আগে আর্জেন্টিনা শিবিরে সুখবর
- নকআউটে ব্রাজিল-জাপান মহারণ আজ
- মেসির গোলে গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে নকআউটে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কেপ ভার্দে
- নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে, ম্যাচ ৪ জুলাই
- আর্জেন্টিনাই বিশ্বকাপের সেরা দল : জাপান কোচ
- জার্মানিকে হারিয়ে ২০ বছর পর নকআউটে ইকুয়েডর